ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
সাফ চ্যাম্পিয়নশিপ

প্রথমার্ধে ৩ গোল বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫০, ২৮ জুন ২০২৩
প্রথমার্ধে ৩ গোল বাংলাদেশের
রাকিব ও মোরসালিন

চলমান সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। যেখানে শুরুতে পিছিয়ে পড়লেও প্রথমার্ধেই লিড নিয়েছে লাল-সবুজরা। প্রথমার্ধ শেষে বাংলাদেশ ৩-১ ব্যবধানে এগিয়ে আছে।

গুরুত্বপূর্ণ এ ম্যাচের একাদশে দু’টি পরিবর্তন এনেছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ডিফেন্ডার তারিক কাজীর জায়গায় একাদশে ঢুকেছেন ফুলব্যাক রহমত মিয়া।

এছাড়া ফয়সাল আহমেদ ফাহিমের জায়গায় খেলছেন অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরসালিন। আজকের ম্যাচটি ডিফেন্ডার তপু বর্মণের ৫০ তম ম্যাচ।

Advertisement

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। তবে খেলার ধারার বিপরীতে ১২ মিনিটেই গোল হজম করে লাল-সবুজরা। সেন্ডা দর্জির গোলে আনন্দে মাতে ভুটানের খেলোয়াড়রা।

গোল হজম করে আরো আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। ফলও মেলে দ্রুত। ২১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ভুটান গোলরক্ষককে পরাস্ত করেন মোরসালিন। যার মাধ্যমে সমতায় ফেরে বাংলাদেশ।

সমতায় ফেরার পরও আক্রমণ বজায় রাখে বাংলাদেশ। ৩০ মিনিটের মাথায় মোরসালিনের ক্রস থেকে শট নিতে যান রাকিব। যা ভুটানের ফুন্টশো জিগমের গায়ে লেগে চলে যায় জালে।

মিনিট ছয়েক পর স্কোরশিটে নিজের নাম তোলেন রাকিব। ডি বক্সের মাঝে দুরূহ কোণ থেকে শট নেন তিনি। গোলপোস্টে লেগে বল জালে জড়ালে চলতি সাফে দ্বিতীয় গোলের আনন্দে মাতেন এই ফরোয়ার্ড।

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকার আনন্দ নিয়েই বিরতিতে গেছে বাংলাদেশ। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!