তামিম যেন অবসরের মতো সিদ্ধান্ত না নেন এ জন্য তার বড় ভাই নাফিস ইকবালকে ফোনে মেসেজ দিয়েছিলেন পাপন। এছাড়া বিসিবি সভাপতি জানিয়েছেন, তামিম চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবে বলে তাকে জানিয়েছিলেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে এক সংবাদ সম্মেলনে পাপন জানান, তিনি নাফিসকে মেসেজ দিয়ে বলেছিলেন- দয়া করে তামিমকে বলো যে আমি চাই সে অন্তত অধিনায়ক হিসেবে সিরিজটা শেষ করুক। এরপর আমরা এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবো।
.png)
পাপন আরো বলেন, তামিম হঠাৎ করে কেন অবসর নিল বুঝলাম না। সে তো আমাকে নিশ্চিত করেছিল সামনে ওয়ানডে বিশ্বকাপ খেলবে। এমনকি বলেছিল ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলবে। কিন্তু হুট করে কি হলো বুঝলাম না।
পাপন বলেন, গতকালও তামিম ইকবালের সঙ্গে আমার কথা হয়েছে। সেখানে সে আমাকে অবসরের বিষয়ে কিছু বলেনি। আমি তার অবসরের বিষয়ে কিছুই জানি না। আমরা চাই তামিম ইকবাল তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসুক।
তিনি আরো বলেন, তামিম ইকবাল আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এজন্য আমরা তার উত্তরের জন্য অপেক্ষা করব। তবে আমরা চাই যে তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসুক। যদি সে ফিরে না আসে তাহলে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবে।