ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ-২০২৩

মুশফিক-মিরাজের ব্যাটে লড়ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৬, ৮ জুলাই ২০২৩
মুশফিক-মিরাজের ব্যাটে লড়ছে বাংলাদেশ
মুশফিকুর রহিম

হারলেই ওয়ানডে সিরিজ হাতছাড়া হবে বাংলাদেশের। এমন ম্যাচে আফগানদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা। তবে চাপ সামলে মুশফিক ও মিরাজের ব্যাটে লড়ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছয় উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭ ওভারে ১১২ রান।

শনিবার চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান। এ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩১ রান করেছে সফরকারীরা। এতে জয়ের জন্য ৩৩২ রান করতে হবে লিটন দাসের দলকে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। এদিন স্বাগতিকদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও মোহাম্মদ নাইম। দীর্ঘদিন পর দলে ফিরে খানিকটা রয়েসয়ে খেলেন নাইম। তবে আফগানদের ওপর চড়াও হতে গিয়ে উইকেট বিলিয়ে দেন টাইগার দলপতি।

ম্যাচের পঞ্চম ওভারে ফজল হক ফারুকীর বলে পুল করতে গিয়ে শর্ট মিডউইকেটে নবীর তালুবন্দী হন লিটন। সাজঘরে ফেরার আগে তিন বাউন্ডারিতে ১৩ রান করেন তিনি।

এরপর ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। তবে উইকেটে থিতু হওয়ার আগেই মুজিবের ঘূর্ণিতে অফ স্ট্যাম্প হারান তিনি। এতে পরপর দুই ম্যাচে ব্যর্থ হয়ে ফিরলেন এ ব্যাটার। এর পরপরই ফজল হকের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরে যান মোহাম্মদ নাইম (৯)। 

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে স্বাগতিকরা। এ সময় দলের হাল ধরতে বাইশ গজে আসেন সাকিব আল হাসান। এরপর হৃদয়কে নিয়ে পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন তিনি। এ জুটির ব্যাট থেকে আসে ৪০ রান। কিন্তু উইকেটে থিতু হয়েও ব্যক্তিগত ইনিংস লম্বা করতে পারেননি হৃদয়। 

ম্যাচের ১৭তম ওভারে রশিদের বলে বোল্ড হন হৃদয়। এতে সাজঘরে ফেরার আগে ১৬ রান করেন তিনি। হৃদয়ের পর সাজঘরে ফেরেন সাকিবও। আফগানদের সিনিয়র ক্যাম্পেইনার নবীর বলে লেগ বিফরের ফাঁদে পড়েন। এতে ৩ বাউন্ডারিতে ২৫ রানে থামেন এ বাঁহাতি অলরাউন্ডার।

এরপর উইকেটে আসেন আফিফ হোসেন। কিন্তু ম্যানেজমেন্টের প্রত্যাশা পূরণে আবারো ব্যর্থ হন তিনি। রশিদের বলে ফ্লিক করতে গিয়ে নবীর তালুবন্দী হন। এতে শূন্য রানে আউট হয়ে ড্রেসিংরুমে হাঁটা দেন তিনি।

এখন মিরাজকে সঙ্গে নিয়ে আফগানদের বিপক্ষে লড়াই করছেন মুশফিক।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!