ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ-২০২৩

সিরিজ হেরে ভালোই হয়েছে: মিরাজ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৩, ৯ জুলাই ২০২৩
সিরিজ হেরে ভালোই হয়েছে: মিরাজ
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই দাপুটে জয় তুলে নিয়েছে সফরকারীরা। আরে এতে নাকি ভালোই হয়েছে বলে মন্তব্য করেছেন টাইগার অলরাউন্ডার মেহেদী মিরাজ।

শনিবার চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩১ রান করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৪৩.২ ওভারে ১৮৯ রানেই থামে স্বাগতিকদের ইনিংস। এতে ১৪২ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় সফরকারী দল।

এদিন সিরিজ হার নিশ্চিত হওয়ার পর সংবাদ সম্মেলনে হাজির হন মেহেদী মিরাজ। এ সময় তিনি বলেন, ‘একটি জিনিস ভালো হয়েছে যে আমাদের কিন্তু সুযোগ আছে। এই সিরিজ হারায় একটি দিক থেকেও ভালোই হয়েছে। আমরা হয়তো হেরেছি। তবে আমাদের কোথায় ঘাটতি আছে, কোথায় উন্নতি করতে হবে, সেসব নিয়ে এখন কাজ করতে পারবো।’

Advertisement

আগামী অক্টোবরে ভারতের মাটিতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের আসর। যেখানে আসরের প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে লড়তে হবে বাংলাদেশকে।

তার আগে দলের ঘাটতিগুলো মিটিয়ে ফেলার জন্য এই সময়কেই যথেষ্ট মনে করেন মিরাজ। একই সঙ্গে এশিয়া কাপ ও বিশ্বকাপে আফগানদের বিপক্ষে কী পরিকল্পনা নিয়ে নামতে হবে তারও দিশা এই সিরিজেই পেয়ে গেছেন বলেও জানান এ ডানহাতি অলরাউন্ডার।

মিরাজ বলেন, ‘যেহেতু বিশ্বকাপ ও এশিয়া কাপে ওদের (আফগানিস্তান) সঙ্গেই খেলা আছে, সেখানে ওদের বিপক্ষে ব্যাটাররা কীভাবে খেলবো, কী পরিকল্পনা সাজাবো, কোন বোলারকে টার্গেট করবো বা কীভাবে আমরা বোলিং করে ওদের ব্যাটারদের থামাতে পারি, এই পরিকল্পনাগুলো করতে পারবো।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!