ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাফুফের দায়িত্ব ছাড়লেন পল স্মলি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৪, ১৫ জুলাই ২০২৩
বাফুফের দায়িত্ব ছাড়লেন পল স্মলি
ছবি- সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) অস্থিরতা যেন কিছুতেই কমছে না। দেশের সর্বোচ্চ ফুটবল সংস্থা থেকে একের পর এক দায়িত্বশীল ব্যক্তি পদত্যাগ করছেন। এবার সে তালিকায় যুক্ত হলেন বাফুফের বৃটিশ টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি।

শনিবার সকালে রাজধানীর একটি আবাসিক হোটেলে সাংবাদিকদের বাফুফের দায়িত্ব ছাড়ার বিষয়টি জানিয়েছেন পল নিজেই।

পল স্মলির সঙ্গে বাফুফের চুক্তি রয়েছে আগামী বছর আগস্ট মাস পর্যন্ত। চুক্তির এক বছর আগেই চলে যাচ্ছেন পল স্মলি। 

Advertisement

বিষয়টি নিয়ে পল বলেন, ‘আমি গত প্রায় দেড় মাস যাবৎ সভাপতির সঙ্গে আলোচনা করছিলাম। কিছু বিষয় পরিবর্তনের জন্য। তিনি আমার পয়েন্টগুলো যৌক্তিক বললেও এটি স্থায়ীভাবে করতে সময় চেয়েছিলেন। সেই বিষয়গুলো পরিবর্তন না হওয়ায় আমি চলে যাচ্ছি।’

বাফুফে ও বিভিন্ন মাধ্যমে জানা গিয়েছিল পল স্মলি আরো বেশি অর্থ দাবি করেছে। এই বিষয়টি সঠিক নয় বলে জানান পল, ‘আমি কখনোই বর্তমান চুক্তির চেয়ে অতিরিক্ত অর্থ দাবি করিনি। কাজের পরিবেশ ও ব্যাপকতা নিয়েই আলোচনা হয়েছে গত দেড় মাস।’

সভাপতির সঙ্গে আলোচনা করা কয়েকটি বিষয় নিয়ে তিনি বলেন, ‘বাফুফের বিভাগগুলো পুর্নগঠন করা প্রয়োজন। বিশেষ করে আমার টেকনিক্যাল বিভাগে আরো বিশেষজ্ঞ লোক দরকার। সেখানে মাত্র দুই জন এক্সিকিউটিভ। ফিন্যান্স বিভাগও জোরদার করা প্রয়োজন।’

বাফুফে ছাড়ার পেছনে মূল কারণ হিসেবে তিনি সোহাগ কান্ডকেই আখ্যায়িত করেছেন পল। তিনি বলেন, ‘ফিফা ৫০ পাতার একটি বিশাল রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টে কারা কারা যুক্ত সবই বর্ণনা রয়েছে। ফিফা যে প্রতিষ্ঠানে অনিয়ম-অসঙ্গতি রয়েছে সেই প্রতিষ্ঠানের সঙ্গে আমি থাকতে পারি না।’

প্রসঙ্গত, ২০১৬ সালে টেকনিক্যাল এন্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর হিসেবে বাংলাদেশে এসেছিলেন পল স্মলি। এরপর ২০১৯ সালে বাংলাদেশ ছেড়ে যান। পরবর্তীতে ২০২০ সালে কাজী সালাউদ্দিন পুনরায় বাফুফে সভাপতি নির্বাচিত হলে তিনি টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব নেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!