পেসার মারুফাকে নিয়ে যে বার্তা দিলেন মান্ধানা
ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে আগুন ঝরা বোলিং করেছিলেন বাংলাদেশি পেসার মারুফা আক্তার। তার একার বোলিংয়ে ব্যাটিং ধস নেমেছিল ভারতীয় শিবিরে। ৭ ওভার হাত ঘুরিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। যার মধ্যে একটি উইকেট ছিল ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানার। শুক্রবার (২১ জুলাই) মিরপুরে সিরিজের শেষ ম্যাচের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মান্ধানা। সেখানে বাংলাদেশি এই পেসার মারুফার ভূয়সী প্রশংসা করেন ভারতের এ সহ-অধিনায়ক।
প্রথম ম্যাচ শেষে কিছুক্ষণ মারুফার সঙ্গে কথা হয়েছিল মান্ধানার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বলব, সে (মারুফ) খুব ভালো একজন ক্রিকেটার। গত ম্যাচ শেষে তার সঙ্গে খানিকটা কথা হয়েছে আমার। তাকে অভিনন্দন জানিয়ে বলেছি যে, তার পারফরম্যান্স আমাদের সবাইকেও দারুণ অনুপ্রাণিত করেছে।’
আর্ন্তজাতিক ক্রিকেটে বেশিদিন হয়নি মারুফার। গতবছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় তার। মাত্র সাত মাসের এই পথ চলায় নীলফামারির এই তরুণী খেলেছেন ৫টি ওয়ানডে ম্যাচ। বয়স বেশি না হলেও ১৮ বছর বয়সেও পারফরমেন্সে করেছেন দারুণভাবে। এ প্রসঙ্গে ভারতের সহ-অধিনায়ক বলেন, ‘তার বয়স কত, এটা কোনো ব্যাপার নয়। মাঠে যেভাবে সে (মারুফা) নিজেকে উপস্থাপন করছে, (বোলিংয়ের পাশাপাশি) ফিল্ডিংয়ে যেভাবে সে নিজেকে মেলে ধরছে, তা অসাধারণ। তার ভেতরে ভালো ক্রিকেটার হয়ে ওঠার যে আগুন দেখেছি… আমি নিশ্চিত, সামনের পথচলায় সে বাংলাদেশের জন্য অসাধারণ একজন ক্রিকেটার হয়ে উঠবে।’
মারুফার বোলিং নিয়ে সর্তক থাকবেন মান্ধানারা। তিনি বলেন,‘তার অ্যাকশন একদমই আলাদা। সে যতটা জোরে বল করে, অ্যাকশনের কারণেই আরও দ্রুতগতির মনে হয়। তার রিলিজ পয়েন্ট থেকে আমাদের ধারণার চেয়ে আরেকটু বেশি স্কিড করে তার বল। তাই (ব্যাটারদের) আরেকটু বেশি প্রস্তুত থাকতে হয়।’