ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রীতি ম্যাচে এসি মিলানকে হারালো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৩, ২৮ জুলাই ২০২৩
প্রীতি ম্যাচে এসি মিলানকে হারালো জুভেন্টাস
ছবি: সংগৃহীত

প্রীতি ম্যাচে টাইব্রেকারে এসি মিলানকে ৪-৩ গোলে হারিয়েছে ইতালিয়ান সিরি আর আরেক জায়ান্ট দল জুভেন্টাস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত দুই দলের মধ্যকার ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ গোলের সমতায়।

মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির হোম গ্রাউন্ড ডিগনিটি হেল্থ স্পোর্টস পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হয়। দুই ইতালীয় ক্লাবের ম্যাচটি আক্রমণ ও পাল্টা আক্রমণে শুরুতে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছিল।

কিন্তু শেষ দিকে এসে দুটি ক্লাবই ব্যাপক হারে খেলোয়াড় বদলি করায় ম্যাচের সেই সৌন্দর্য্য হারিয়ে যায়। এর আগে ম্যাচের ২৩ মিনিটে দর্শনীয় হেডে গোল করে মিলানকে এগিয়ে দেন জার্মান ডিফেন্ডার ম্যালিক থিয়াও।

Advertisement

ফ্রি কিক থেকে থিও হার্নান্দেজের ভাসিয়ে দেয়া বলটি জালে জড়ান থিয়াও (১-০)। ১০ মিনিট পরেই গোলটি পরিশোধ করে দেয় জুভেন্টাস। গোল পোস্টের সামনে থেকে দারুণ দক্ষতায় লক্ষ্যভেদ করেন জুভ তারকা দানিলো (১-১)।  

৩৯ মিনিটে ফের এগিয়ে যায় মিলান। পুলিসিচের করা কর্নারের বলটি যথাযথভাবে নিয়ন্ত্রণে নিয়ে ভলিতে জালে জড়ান ফরাসি তারকা অলিভার জিরুদ (২-১)। জুভেন্টাসকে আবার সমতায় ফেরান ড্যানিয়েল রুগানি।

এরপরই দুই দল শুরু করে খেলোয়াড় পরিবর্তনের মহড়া। সাইড বেঞ্চ থেকে একে একে মাঠে নামতে থাকে অপেক্ষাকৃত তরুণ খেলোয়াড়রা। এতে বিবর্ণ হতে থাকে ম্যাচের সৌন্দর্য্য।

গ্রীষ্মকালীন সকার চ্যাম্পিয়ন্স ট্যুরের অংশ হিসেবে অনুষ্ঠিত ম্যাচের জয় পরাজয় শেষ পর্যন্ত নির্ধারিত হয় টাইব্রেকারে। যেখানে জুভেন্টাসের বিকল্প গোলরক্ষক কার্লো পিনসোগলিও তিনটি শট ঠেকিয়ে দিয়ে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

স্প্যানিশ প্রতিপক্ষ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে সফর শেষ করবে দল দুটি। আগামী মঙ্গলবার লাস ভেগাসে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মোকাবেলা করবে মিলান। বুধবার অরলান্ডোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে জুভেন্টাস।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!