ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাবরের শতকে সাকিবদের পরাজয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:১৫, ৭ আগস্ট ২০২৩
বাবরের শতকে সাকিবদের পরাজয়
ছবি- সংগৃহীত

লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছিল গল টাইটান্স। যেখানে বাবর আজমের দুর্দান্ত শতকে ৭ উইকেটের পরাজয় দেখেছেন সাকিব-শানাকারা।

সোমবার পাল্লেকেলেতে এলপিএলের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় গল টাইটান্স-কলম্বো স্ট্রাইকার্স। এ ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করেন সাকিবরা। জবাবে ব্যাট করতে নেমে বাবরের সেঞ্চুরিতে ১ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পেয়েছে কলম্বো। 

এদিন বল হাতে উইকেট পাননি সাকিব আল হাসান। ৪ ওভার হাত ঘুরিয়ে খরচ করেন ৩০ রান। কলম্বোর ইনিংসে দ্বিতীয় ওভারে সাকিবকে বোলিংয়ে আনেন গলের অধিনায়ক দাসুন শানাকা। সেই ওভারে ৫ রান দেন সাকিব। চতুর্থ ওভারে বোলিংয়ে এসে দেন ১০ রান। 

Advertisement

এরপর একটা বিরতি দিয়ে সাকিবকে ১২তম ওভারে বোলিংয়ে আনেন শানাকা। সেই ওভারে ৫ রান দিয়ে ভালোই করেন সাকিব। ১৬তম ওভারে সাকিবের কোটার শেষ ওভারে শেষ বলে ছক্কা মারেন বাবর। সাকিব ওই ওভারে দেন ১০ রান।

কলম্বোর ইনিংসে বাবরের সঙ্গে ভালো অবদান আছে পাতুম নিশাঙ্কারও। ১২.৩ ওভারে দুজনে উদ্বোধনী জুটিতে ১১১ রান তোলেন। ৪০ বলে ৫৪ করে আউট হন নিশাঙ্কা। 

ব্যক্তিগত ৮৯ রানে একবার ‘জীবন’ পাওয়া বাবর ১৯তম ওভারে চার মেরে সেঞ্চুরি তুলে নেন। টি-২০তে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে অন্তত ১০টি সেঞ্চুরি হলো বাবরের। সর্বোচ্চ ২২টি সেঞ্চুরি ক্রিস গেইলের।

জয়ের জন্য শেষ ওভারে ১৪ রান দরকার ছিল কলম্বোর। কাসুন রাজিতার করা এই ওভারের প্রথম বলেই সাকিবকে ক্যাচ দিয়ে আউট হন বাবর। ৮টি চার ও ৫টি ছক্কায় ৫৯ বলে ১০৪ রান করেন পাকিস্তান অধিনায়ক। মোহাম্মদ নেওয়াজ নেমে রাজিতার শেষ দুই বলে ছক্কা ও চার মেরে দলকে জেতান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!