এদিন ৪৪ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন টি-২০র এক নম্বর ব্যাটার সূর্য। এ ম্যাচে হারের পরও সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৪ রানে ও ২ উইকেটে জিতেছে ক্যারিবীয়রা।
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়ে দারুণ সূচনা পায় ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ৪৬ বলে ৫৫ রান তোলেন দুই ওপেনার ব্রেন্ডন কিং ও কাইল মায়ার্স। ২৫ রান করা মায়ার্সকে শিকার করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন আক্সার প্যাটেল।
.png)
তিন নম্বরে নামা জনসন চার্লস একটি করে চার-ছক্কায় মারমুখী মেজাজে শুরু করেন। তবে তাকে ১২ রানেই থামিয়ে দেন স্পিনার কুলদীপ যাদব। ৭৫ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ক্রিজে কিংয়ের সঙ্গী হন আগের ম্যাচের হিরো নিকোলাস পুরান।
দুটি চার ও ১টি ছক্কায় এবারও মারমুখী মেজাজে ইনিংস শুরু করেন পুরান। তবে ১৫তম ওভারে উইকেট ছেড়ে খেলতে গিয়ে কুলদীপের বলে স্টাম্পড হন তিনি। আউট হওয়ার আগে ১২ বলে করেন ২০ রান করেন।
একই ওভারে ফিরতি ক্যাচে কিংকেও বিদায় করেন কুলদীপ। ৫টি চার ও ১টি ছক্কায় ৪২ বলে ৪২ রান করেন কিং। এ ব্যাটারকে ফিরিয়ে টি-২০তে ভারতের পক্ষে দ্রুততম ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়েন কুলদীপ। এ জন্য ৩০ ম্যাচ খেলেছেন তিনি।
এতদিন এ রেকর্ডের মালিক ছিলেন ৩৪ ম্যাচে ৫০ উইকেট শিকার করা স্পিনার যুবেন্দ্র চাহাল।
১৫ ওভারে ১০৬ রানে ৪ উইকেট হারানোর পর অধিনায়ক রোভম্যান পাওয়েল ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রানের লড়াকু সংগ্রহ পায় উইন্ডিজ। ১টি চার ও ৩টি ছক্কায় ১৯ বলে অনবদ্য ৪০ রান করেন পাওয়েল। ভারতের কুলদীপ ২৮ রানে ৩ উইকেট নেন।
জবাবে প্রথম ওভারেই অভিষেক ম্যাচ খেলতে নামা যশস্বী জয়সওয়ালকে ১ রানে হারায় ভারত। তিন নম্বরে ব্যাট হাতে নেমেই ওয়েস্ট ইন্ডিজ বোলারদের উপর চড়াও হন সূর্য। ১১ বলে ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার শুভমান গিল।
৩৪ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে ভারত। তবে তৃতীয় উইকেটে তিলক ভার্মাকে নিয়ে চার-ছক্কার ফুলঝুরিতে ভারতের রানের চাকা অবলীলায় ঘুড়িয়েছেন সূর্য। ২৩ বলে টি-২০তে ১৪তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তিনি।
সূর্যের মারমুখী ব্যাটিংয়ে ১১তম ওভারেই শতরান পেয়ে যায় ভারত। ১৩তম ওভারে পেসার আলজারি জোসেফের বলে আউট হওয়া আগে ৪৪ বলে ৮৩ রান করেন সূর্য। তিলকের সঙ্গে ৫১ বলে ৮৭ রান যোগ করে ভারতের জয়ের পথ সহজ করেন তিনি।
দলীয় ১২১ রানে সূর্য ফেরার পর ১৩ বল বাকি থাকতে ভারতের জয় নিশ্চিত করেন তিলক ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৩১ বলে অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটি গড়েন তারা। ৩৭ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন তিলক। পান্ডিয়া করেন ১৫ বলে অপরাজিত ২০ রান।
ওয়েস্ট ইন্ডিজের জোসেফ ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন সূর্য। আগামী ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের লডারহিলে সিরিজের চতুর্থ ম্যাচ খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে ১৩ আগস্ট হবে সিরিজের পঞ্চম ও শেষ টি-২০।