বিশ্বকাপের আগে এশিয়া কাপের মিশন রয়েছে বাংলাদেশের। চলতি মাসের শেষে মাঠে গড়াবে এশিয়া কাপ। এ টুর্নামেন্টকে ঘিরেই এখন যত পরিকল্পনা। তবে সেই পরিকল্পনার সঙ্গে আলাদাভাবে যুক্ত হয়েছে টাইগারদের অধিনায়ক ইস্যু। যেখানে সম্ভাব্য তালিকায় সাকিব আল হাসান ও মেহেদী মিরাজের সঙ্গে আলোচনায় রয়েছেন লিটন কুমার দাসও।
সম্প্রতি কানাডার গ্লোবাল টি-২০ লিগ খেলে দেশে ফিরেছেন লিটন। এরপর আজ (১০ আগস্ট) এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন লিটন দাস। সেখানেই জানতে চাওয়া হল তার প্রিয় একাদশ নিয়ে।
.png)
জবাবে জাতীয় দলের যে তালিকা দিয়েছেন তাতে, অধিনায়ক ও উইকেটরক্ষকের ভূমিকায় আছেন লিটন নিজেই। এছাড়া জায়গা পেয়েছেন কেবল একজন বাংলাদেশি। তিনি সাকিব আল হাসান। বাদ পড়েছেন টাইগারদের সদ্য সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
লিটনের একাদশে ওপেনার হিসেবে আছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। তার সঙ্গে আছেন শ্রীলংকার কিংবদন্তি ব্যাটার সনাৎ জয়সুরিয়া। টপঅর্ডারের বাকি দুই অবস্থানে আছেন ওয়ানডে ক্রিকেটের দুই সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিং। দলের পরের দুই অবস্থানে আছেন দুই বাংলাদেশি। উইকেটরক্ষক এবং অধিনায়ক পদে আছেন লিটন নিজেই। এরপরেই আছেন সাকিব আল হাসান।
তিন পেসারের দলে আছেন পাকিস্তানের ওয়াসিম আকরাম এবং শোয়েব আখতার। তাদের সঙ্গে আছেন শ্রীলংকার চামিন্দা ভাস। দলের দুই বিশেষজ্ঞ স্পিনার মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্ন।
লিটনের সেরা একাদশ: বীরেন্দ্র শেবাগ, সনাৎ জয়সুরিয়া, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, লিটন কুমার দাস (অধিনায়ক), সাকিব আল হাসান, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন, শোয়েব আখতার ও চামিন্দা ভাস।