ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে দল ঘোষণা করছে না ভারত-শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০৪, ১৫ আগস্ট ২০২৩
যে কারণে দল ঘোষণা করছে না ভারত-শ্রীলংকা
ফাইল ছবি

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেটীয় ইভেন্ট এশিয়া কাপ শুরু হতে বাকি আর মাত্র ১৪ দিন। আগামী ৩০ আগস্ট টুর্নামেন্টটির ১৬তম আসরের পর্দা উঠবে। ভারত বিশ্বকাপের আগে অনুষ্ঠিত হতে যাওয়ায় ওয়ানডে ফরম্যাটে হবে এবারের এশিয়া কাপ। 

হাইব্রিড পদ্ধতিতে পাকিস্তান ও শ্রীলংকায় বসতে যাওয়া টুর্নামেন্টটির জন্য সবার আগে দল ঘোষণা করে আয়োজক পাকিস্তান। এরপর বাংলাদেশ ও নেপাল দল ঘোষণা করেছে। তবে এখন পর্যন্ত এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেনি শ্রীলংকা, ভারত ও আফগানিস্তান। 

ভারতীয় সংবাদ মাধ্যম এর পেছনের কারণ হিসেবে উল্লেখ করেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দলের মিডল অর্ডার ব্যাটার কেএল রাহুল ও শ্রেয়স আয়ারকে রাখা যায় কিনা তা পর্যবেক্ষণ করে দেখছে। তারা দু’জন মাঠে ফেরার শেষ পর্যায়ে আছেন। পুরো দমে ব্যাটিং ও ট্রেনিং করছেন। 

Advertisement

এই দুই ব্যাটারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারলেই বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগারকার দল ঘোষণা করবেন বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যম পিটিআই। 

প্রতিবেদনে বলা হয়েছে, ‘শ্রীলংকার গরম মাথায় রাখা হচ্ছে। যে কারণে রাহুল-শ্রেয়সের কোন অস্বস্তি থাকলে তাদের নেয়া হবে না। তারা কোনো ম্যাচও খেলেনি। এশিয়া কাপে প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। ফিরেই পাকিস্তানের বিপক্ষে খেলার চাপ নিতে হবে। এসব বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে। তিলক ভার্মা ভবিষ্যতে অবশ্যই ওয়ানডে খেলবে। আমরা তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না।’ 

অন্যদিকে আয়োজক শ্রীলংকাও দল ঘোষণা করেনি। দেশটিতে অনুষ্ঠিত হচ্ছে লংকান লিগ। যার ফাইনাল হবে ২০ আগস্ট। আসরটির পারফরম্যান্স মূল্যায়ন করে দল দেবেন লংকান বোর্ডের নির্বাচকরা। চলতি সপ্তাহের শেষে লংকান বোর্ড এশিয়া কাপের দল ঘোষণা করতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!