ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

অবশেষে এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের একজন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৬, ১৯ আগস্ট ২০২৩
অবশেষে এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের একজন
ফাইল ছবি

আসন্ন এশিয়া কাপের মূল সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টস নেটওয়ার্ক। সম্প্রতি আসরকে সামনে রেখে একটি ধারাভাষ্য প্যানেল দিয়েছিল তারা, যেখানে ছিল না বাংলাদেশি কোনো ধারাভাষ্যকার। তবে অবশেষে এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের একজন। 

প্রথম বিবৃতির ১৫ ঘন্টা পর এশিয়া কাপের জন্য নতুন ধারাভাষ্য প্যানেল প্রকাশ করেছে স্টার স্পোর্টস। যেখানে বাংলাদেশের পাশাপাশি শ্রীলংকা থেকেও নতুন একজনকে সংযুক্ত করা হয়েছে।

স্টার স্পোর্টসের নতুন ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন শামীম আশরাফ চৌধুরী। একই সঙ্গে শ্রীলঙ্কার রোশান আবেসিংহেও প্যানেলে যুক্ত হয়েছেন। তবে এবারের এশিয়া কাপে ধারাভাষ্যে থাকছেন না আতাহার আলি খান, রমিজ রাজার মতো জনপ্রিয় ধারাভাষ্যকাররা।

আগামী ৩০ আগস্ট মাঠে গড়াবে এবারের এশিয়া কাপ। গ্রুপ ‘এ’ তে ভারত-পাকিস্তানের গ্রুপে আছে নেপাল। অন্যদিকে গ্রুপ ‘বি’ তে বাংলাদেশ লড়বে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। পাকিস্তান এবং নেপালের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট।

একনজরে এশিয়া কাপের ইংরেজি ধারাভাষ্যকার প্যানেল- রবি শাস্ত্রী, ওয়াসিম আকরাম, গৌতম গম্ভীর, ওয়াকার ইউনিস, অ্যান্ডি ফ্লাওয়ার, মারভান আতাপাত্তু, ম্যাথু হেইডেন, আমির সোহেল, ডমিনিক কর্ক, দ্বীপ দাসগুপ্তা, বাজিদ খান, সঞ্জয় মাঞ্জরেকার, শামীম আশরাফ চৌধুরী ও রোশান আবেসিংহে।

হিন্দি ধারাভাষ্যকার- গৌতম গম্ভীর, হরভজন সিং, ইরফান পাঠান, সঞ্জয় বাঙ্গার, মোহাম্মদ কাইফ, আদিত্য তারে, রজত ভাটিয়া, রমন ভানোট, জাতিন সাপ্রু ও পদমজিত শেরওয়াত।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!