এশিয়ার দুই পরাশক্তি ভারত-পাকিস্তানের লড়াই দেখতে মুখিয়ে থাকে গোটা ক্রিকেট বিশ্ব। তবে বৈশ্বিক কিংবা মহাদেশীয় টুর্নামেন্ট ছাড়া দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখার সুযোগ পান না ভক্তরা। দুই দেশের রাজনৈতিক বৈরিতা এতটাই চরমে, যা গড়িয়েছে ক্রিকেট মাঠেও। ফলে বন্ধ দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ।
সামনে এশিয়া কাপ। আরো একবার মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। আসন্ন ম্যাচ নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা। কথার লড়াইয়ে নেমেছেন সাবেক ক্রিকেটাররা। সে লড়াইয়ে সামিল সৌরভ গাঙ্গুলিও। তবে কিছুটা রক্ষণাত্মক মন্তব্য করলেন আসন্ন উত্তেজনাপূর্ণ ম্যাচ নিয়ে।
.png)
ভারতকে এগিয়ে রাখলেও পাকিস্তানকে সমানভাবে সম্মান জানিয়েছেন সৌরভ। তিনি বলেন, ‘কে ফেভারিট এটা আমার পক্ষে বলা মুশকিল। দুটোই ভালো দল। পাকিস্তান ভালো দল, ভারত আরও ভালো দল। কেউ ফেভারিট না। যে ভালো খেলবে, সে জিতবে।’
ইনজুরি কাটিয়ে প্রায় ১১ মাস পর মাঠে ফিরেছেন পেসার জাসপ্রিত বুমরাহ। অধিনায়ক হিসেবে আয়ারল্যান্ডর বিপক্ষে ২-০’তে সিরিজও জিতিয়েছেন। তবে সেটা টি-২০ ফরম্যাটে। এবার এশিয়া কাপে ওয়ানডে ফরম্যাটে নিজেকে প্রমাণের পালা। গাঙ্গুলির মতে, দল শক্তিশালী হয়েছে বুমরাহ ফেরায়।
সাবেক ভারত অধিনায়ক বলেন, ‘আয়ারল্যান্ডে বুমরাহ ভালো করেছে। টি-২০ দিয়ে শুরু। এবার ১০ ওভার বল করবে। সময়ের সঙ্গে তার ফিটনেস আরো ভালো হবে। ও ফেরায় দলে ভারসাম্য ফিরেছে।’
আগামী ২ সেপ্টেম্বর শ্রীলংকার পাল্লেকেলে স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।