বৃষ্টিভেজা প্রথমার্ধে গোলশূন্য ড্র বাংলাদেশের
বসুন্ধরা কিংস অ্যারেনায় চলছে বাংলাদেশ-আফগানিস্তান দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ। বিকেল ৫টায় শুরু হয়েছে দুই দলের লড়াই। যেখানে বৃষ্টিভেজা প্রথমার্ধ শেষে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে গেছে দুই দল।
বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা প্রথম ম্যাচের একাদশই আজ দ্বিতীয় ম্যাচে অপরবির্তত রেখেছেন। স্বাগতিক বাংলাদেশ একাদশে পরিবর্তন না আসলেও সফরকারী আফগানিস্তান তিন পরিবর্তন এনেছে।
প্রথম ম্যাচ খেলার পর আফগানিস্তানের চার জন খেলোয়াড় দলে যোগ দিয়েছেন। ইউরোপে খেলা এই ফুটবলাররা আজ যোগ দেওয়ায় আফগানদের শক্তি আরো বেড়েছে।
.png)
ম্যাচের শুরু থেকেই আজ দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক খেলছিলেন। ম্যাচের ১৮ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে দুই দলের ডাগআউট।
এ সময় আফগানিস্তানের কুয়েতী কোচ আব্দুল্লাহ আল মুতাইরী নিজ ডাগ আউট ছেড়ে বাংলাদেশের ডাগ আউটের দিকে তেড়ে আসেন। পাল্টা উত্তরে বাক-বিতন্ডায় লিপ্ত হন বাংলাদেশের কোচিং স্টাফরাও।
কিছু সময় ধরে দুই পক্ষের মধ্যে হাল্কা ধস্তাধস্তিও হয়। ম্যাচ পরিচালনায় নিয়োজিত নেপালী রেফারিরা অবশ্য পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
বাংলাদেশ ডাগ আউটের সামনে কার্ড প্রদর্শনের পরপরই প্রাঞ্জল ছেত্রী দৌড়ে গিয়ে আফগান কোচ আব্দুল্লাহ আল মুতাইরীকে লাল কার্ড দেখান। দুই ডাগ আউটই খানিকটা উত্তপ্ততা তৈরি হয়।
দুই লাল কার্ড দেখানোর আগেই রেফারি দুই ঘটনায় হলুদ কার্ড দেখিয়েছেন দুই ফুটবলারকে। দুই জনই বাংলাদেশের ফুটবলার। ম্যাচের ত্রিশ মিনিটের পর থেকে কিংস অ্যারেনার আকাশ কালো হতে থাকে।
পয়ত্রিশ মিনিটের পর ঝড়ো বৃষ্টি শুরু হয় স্টেডিয়ামে। গ্যালারীতে শেড না থাকায় দর্শকদের অনেকে জড়ো হয়ে গেটের নিচে দাঁড়ান। আবার অনেক দর্শক দেশের খেলার দেখার জন্য বৃষ্টির মধ্যেও ভিজেন। দুই লাল কার্ড ও বৃষ্টির আধিপত্যে শেষ হয় প্রথমার্ধ।
আগের ম্যাচে বাংলাদেশ প্রথমার্ধে গোলের সুযোগ সৃষ্টি করেছিল। আজকের অবশ্য তেমন সুযোগ হয়নি। আগের তুলনায় আজ প্রথমার্ধে অনেক চোখ রাঙিয়েছে আফগানিস্তান।
৪৫ মিনিটের মধ্যে আফগানরা কয়েকটি কর্নার পেলেও গোল আদায় করতে পারেনি। ইনজুরি সময়ে বাংলাদেশ এক কর্ণার পায়। তবে সেটি শেষ পর্যন্ত বিপদ হয়নি আফগানদের।