এমন দারুণ নৈপুণ্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের প্রশংসার জোয়ারে ভাসছেন ২০ বছর বয়সী তরুণ এই পেসার। কিন্তু সব ছাপিয়ে তানজিম সাকিবের পুরনো কিছু ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে নতুন মাত্রা যোগ করেছে।
এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা-সমালোচনা। তার এই ইস্যু ইতোমধ্যেই নজরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
.png)
তিনি বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আমরা ওর সঙ্গে কথা বলছি। কথা বলে নিই, তারপর জানাব। ওর একটা ভুল হয়েছে, আমরা সেই বিষয়টা ওর কাছ থেকেই জানতে চাচ্ছি।’
২০২২ সালের ৯ সেপ্টেম্বর তানজিম তার ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছিলেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।’
পোস্টের শেষে বলা হয়েছে, ‘অতএব মা-বোনেরা নিজের আত্মমর্যাদা রক্ষার্থে স্বামীর আনুগত্য ও বাসায় অবস্থান করে রানির হালাতে অবস্থান করুন। অতএব মা-বোনেরা দুনিয়া কামাতে যেয়ে আখেরাত না হারিয়ে ঘরে অবস্থান করে স্বামী-সন্তানের খেদমত করে দুনিয়া ও আখেরাত দুটিই কামাই করতে পারবেন ইনশা আল্লাহ।’
তানজিমের এই পোস্টের স্ক্রিনশট এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পোস্টটি এখন আর তানজিমের ফেসবুক পেজে পাওয়া যাচ্ছে না।