বিপিএলের সফলতম দল কুমিল্লা জানিয়েছে, আগামী আসরেও তাদের হয়ে খেলবেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের উইকেটরক্ষক এ ব্যাটারকে রিটেইন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এমনটাই জানিয়েছে কুমিল্লা।
কিছুদিন আগে লিটন দাসকে রিটেইন করার কথা জানায় কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি। সোমবার তাওহীদ হৃদয়কেও দলে ভেড়ানোর কথা জানায় তারা। এর আগে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়ে সবাইকে চমকে দেয় রংপুর রাইডার্স। তামিম ইকবাল নাম লেখান ফরচুন বরিশালে।
.png)
বিপিএলের এবারের মৌসুমের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে রিটেইন করেছে বরিশাল। তার সঙ্গে দলটিতে দেশি ক্রিকেটার হিসেবে রিটেইন করা হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং ওপেনার এনামুল হক বিজয়কে।
পিছিয়ে নেই সিলেট স্ট্রাইকার্সও। তারা বিপিএলের আগামী আসরের জন্য চার ক্রিকেটারকে রিটেইন করেছে। অধিনায়ক মাশরাফীর সঙ্গে এবারও সিলেটের জার্সি গায়ে খেলবেন নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব ও জাকির হাসান।
এর বাইরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আগামী আসরকে সামনে রেখে শুভাগত হোম, জিয়াউর রহমান ও নিহাদুজ্জামানকে রিটেইন করেছে। দলটি এখনো আইকন ক্রিকেটারের নাম ঘোষণা করেনি।