অধিনায়কত্ব পেয়ে যা বললেন শান্ত
ঘরের মাঠে সিরিজ বাঁচানোর ম্যাচে মঙ্গলবার মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
মূলত কিউই সিরিজের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসের বিশ্রামের কারণেই প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্ব উঠেছে শান্তর কাঁধে।
টাইগারদের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন শান্ত। অধিনায়কত্ব পাওয়া সম্পর্কে মিরপুরে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আলহামদুলিল্লাহ! ক্রিকেটার হিসেবে এটি আমার জন্য খুবই গর্বের বিষয়। সেই সঙ্গে আমার পরিবারের সদস্যদের জন্যও গর্বের ব্যাপার ‘
.png)
অধিনায়ক্ত উপভোগের বিষয়টি জানিয়ে তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ড আমাকে এই সুযোগটা তৈরি করে দিয়েছে। আমি খুবই রোমাঞ্চিত, কালকের দিনটি খুব উপভোগ করব।’
তৃতীয় ওয়ানডেতে শান্তকে অধিনায়কের দায়িত্ব দেওয়ার বিষয়টি রবিবার নিশ্চিত করে বিসিবি। উল্লেখ্য, বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আর দ্বিতীয় ম্যাচে ৮৬ রানে জয়লাভ করেছে কিউইরা। সিরিজ বাঁচাতে হলে শেষ ওয়ানডেতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও রিশাদ হোসেন।