ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

রোহিত-কোহলির ব্যাটে দ্রুত এগোচ্ছে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৬, ১৪ অক্টোবর ২০২৩
রোহিত-কোহলির ব্যাটে দ্রুত এগোচ্ছে ভারত
ফাইল ছবি

ভারত-পাকিস্তান লড়াই দেখার জন্য অপেক্ষায় থাকে সারা বিশ্ব। আর সেটা যদি হয় বিশ্বকাপের মঞ্চ, তবে তো কথাই নেই। শনিবার ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে হাই ভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হয়েছে দুই দল।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানের দেওয়া মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পেয়েছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলটির সংগ্রহ ৭ ওভারে এক উইকেটে ৫৪ রান। প্রথমে ব্যাট করে ৪২.৫ ওভারে ১৯১ রানে গুটিয়ে গেছে পাকিস্তান।

ভারতের হয়ে রান তাড়া করতে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল। প্রথম দুই ওভারে দুজন যোগ করেন ২২ রান। তবে তৃতীয় ওভারে এসে ছন্দপতন। শাহীন আফ্রিদিকে উড়িয়ে মারতে গিয়ে ১৬ রানে আউট হন গিল।

Advertisement

উইকেট হারালেও আক্রমণ থামায়নি ভারত। বরং শাহীন ও হাসান আলীর একেরপর এক ডেলিভারি বাউন্ডারির বাইরে পাঠাতে থাকেন দুজন। সেই ধারাবাহিকতায় সপ্তম ওভারেই দলীয় অর্ধশতক পূরন করে টিম ইন্ডিয়া।

এর আগে টস জিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা। ইনিংস উদ্বোধনে নেমে খুব একটা খারাপ করেননি পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম উল হক।

উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করেন আব্দুল্লাহ ও ইমাম। সাজঘরে ফেরার আগে এ দুই ব্যাটার যথাক্রমে ২০ ও ৩৬ রানে ফেরেন। তিন নম্বর জুটিতে দলকে দারুণভাবে এগিয়ে নিয়েছিলেন পাকিস্তানের দুই ভরসা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

বাবর-রিজওয়ানের ৮২ রানের জুটিতে বড় সংগ্রহের পথে ছিল পাকিস্তান। তবে ৫০ রানে বাবর ফিরতেই ঘুরে যায় ম্যাচের দৃশ্যপট। মাত্র ৩৬ রানে শেষ ৮ উইকেট হারায় তারা। যেখানে রিজওয়ান দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান করেন।

নয়ে নামা হাসান আলী ১২ রান করেন। এছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার প্রত্যেকেই দুটি করে উইকেট শিকার করেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!