বিশ্বকাপের মাঝেই নিউজিল্যান্ড দলে ধাক্কা
বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতার আসরে টানা ম্যাচ খেলা বিরাট ধকলের ব্যাপার। চলতি আসরে সেই আঘাতটা বেশি পাওয়া দলগুলোর মধ্যে অন্যতম নিউজিল্যান্ড। চোট নিয়েই ভারতে খেলতে এসেছিলেন দলটির নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। এরপর এক ম্যাচ খেলে ফের ইনজুরিতে পড়েন তিনি।
একে একে আরো দুজন ক্রিকেটার রয়েছেন চোট সমস্যায়। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হচ্ছেন পেসার ম্যাট হেনরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের ৩২তম ম্যাচে বুধবার পুনেতে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। সেখানেই হেনরিকে নিয়ে ধাক্কা খায় কিউইরা।
ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করে জোড়া সেঞ্চুরিতে প্রোটিয়ারা সংগ্রহ করে ৩৫৭ রান। ইনিংসের ২৭তম ওভারে বল করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান হেনরি। পরে তাকে চিকিৎসা দেওয়ার পর টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, এই পেসার সেদিন আর বোলিং করতে পারবেন না।
হেনরি উঠে যাওয়ার পর তার অসম্পূর্ণ ওভার শেষ করেছেন মিডিয়াম পেসার জিমি নিশাম। ফলে একজন বোলারও কমে যায় কিউইদের। এর আগে ৫.৩ ওভারে উইকেটশূন্য ৩১ রান খরচ করেন হেনরি। এর আগে থেকে কিউইদের ইনজুরির তালিকায় আছেন লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান ও কেন উইলিয়ামসন।
ফলে পুরো ১৫ জনের স্কোয়াডে ফিট ক্রিকেটারের তালিকা করলে ১১ জনেই থামতে হচ্ছে টম ল্যাথামের দলটিকে। এদিন হেনরির বদলে ফিল্ডিং করেছেন ইশ সোধি। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে প্রথমবার খেলতে নামলেন টিম সাউদি।
বিশ্রামের জন্য ম্যাচের মাঝে তার মাঠ ছাড়ার প্রয়োজন হলে বদলি ক্রিকেটারের কমতি দেখা দেয়। কারণ ট্র্যাভেলিং রিজার্ভে থাকা অতিরিক্ত ক্রিকেটাররা মাঠে নামার সুযোগ নেই। ফলে আসরের মাঝে বেশ বড় ধাক্কাই পেতে হয়েছে কিউইদের।