অধিনায়কত্বের চাপ প্রভাব ফেলেছে বাবরের ব্যাটিংয়ে। বিশ্বকাপে সাত ম্যাচ খেলে ২১৬ রান করেছেন তিনি। যদিও ফিফটি করেছেন তিনটি, কিন্তু সেই তিন ম্যাচে জয়ের দেখা পায়নি পাকিস্তান। তাতে হতাশা প্রকাশ করেছেন দলটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
আফ্রিদি বলেন, ‘বাবর আজমের রান করা এক জিনিস, আর তার রানে ম্যাচ জেতা ভিন্ন জিনিস। বিরাট কোহলি, লোকেশ রাহুলরা কী করে? তারা নিজের রানও করে এবং নিজের দলকে জিতিয়েও আসে।’
.png)
পাকিস্তানের সাবেক অধিনায়ক আরো বলেন, ‘আমি বাবরের ভক্ত। আমরা বলি বাবর বড় খেলোয়াড়। একবার সেই পর্যায়ে পৌঁছানোর পর পারফরম্যান্স ধরে রাখাটা বড় কঠিন। যখন বাবর ব্যাট করতে নামে, আমাদের সেই অনুভূতি আসা উচিত যে সে ম্যাচ জেতাবে। কিন্তু সেই অনুভূতি আসে না। আমরা জানি যে, সে ৫০-৬০ রান করবে। কিন্তু সেই আস্থা নেই যে, সে আমাদের জন্য ম্যাচ জিতিয়ে আনবে।’
সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে পাকিস্তান। এখনো সেমিফাইনাল খেলার সম্ভাবনা আছে তাদের। সেজন্য বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই মেন ইন গ্রিনদের।