অবশ্য এর আগে থেকেই আলোচনায় আছে বাংলাদেশ দলের নতুন ওয়ানডে অধিনায়ক ইস্যু। সাকিবের রেখে যাওয়া স্থানে কে হবেন অধিনায়ক তা নিয়ে আছে নানা খবর, আছে নানা সম্ভাবনা। সেটির সমাধান মিলেছে। সাকিবের পর আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের অধিনায়ক হবেন সহ-অধিনায়ক লিটন দাসই।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজটি নিয়ে কথা বলতে আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু।
.png)
আগেই জানা গিয়েছিল এই সিরিজে থাকছেন না অধিনায়ক সাকিব আল হাসান ও অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। সাকিবের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন কে— এমন প্রশ্নের জবাবে টিটু জানালেন সহ-অধিনায়ক লিটন দাসই সামলাবেন দায়িত্ব।
টিটু বলছিলেন, ‘সাকিবের যেহেতু চোট আছে। যতদিন পুরোপুরি সেরে না উঠবে, ততদিন সে খেলবে না আমরা জানি। আমাদের এখন পর্যন্ত সহকারী অধিনায়ক হিসেবে লিটন কুমার দাস আছেন। এর মধ্যে যদি নতুন কোনো সিদ্ধান্ত না হয় তাহলে সে থাকবে। নতুন কেউ হলে সেটাও জানতে পারবেন। দল ঘোষণার সময় সেটি জানিয়ে দেওয়া হবে।’
ব্যর্থ বিশ্বকাপ মিশনের পর খুব একটা ফুরসত মিলছে না বাংলাদেশ দলের। দরজায় কড়া নাড়ছে আরেকটি সিরিজ। দুটি টেস্ট খেলতে আগামী ২১ নভেম্বর বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট আর ৬ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২য় টেস্ট।