চোটের কারণে এই সিরিজে খেলবেন না বলে জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ। এ সিরিজে সাকিব আল হাসানকেও পাওয়া যাবে না। থাকবেন না আরেক পেসার ইবাদত হোসেনও।
বিশ্বকাপের পর এই সিরিজে এমনিতেই তাসকিনকে বিশ্রাম দেওয়ার ভাবনা ছিল টিম ম্যানেজমেন্টের। বিশ্বকাপ চলাকালীন মাসল টিয়ারের সমস্যায় পড়েন তিনি।তাই কিউইদের বিপক্ষে সিরিজে এই পেসারকে নিয়ে আর কোনো ঝুঁকিই নিতে চায় না বোর্ড।
.png)
এদিকে ৬ নভেম্বর বিশ্বকাপের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলার সময় বাঁ তর্জনীতে আঘাত পান সাকিব। সেই চোটে বিশ্বকাপ শেষ হয়ে যায় এই অলরাউন্ডারের। দল সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, চোট পাওয়ার দিন থেকে তিন সপ্তাহ পর সাকিবের আঙুলের ব্যান্ডেজ খোলা হবে।
সব কিছু ঠিক থাকলে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে সাকিবের। সে ক্ষেত্রে প্রথম টেস্ট তো বটেই, দ্বিতীয় টেস্টেও তাকে পাওয়া যাবে না। বর্তমানে ছুটিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব।
হাঁটুর চোটে বিশ্বকাপ মিস করা ইবাদত গত মাসের শেষে ইংল্যান্ডে গিয়ে অস্ত্রোপচার করান, বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়া চলছে তার। সেরে উঠতে ৬-৯ মাস সময় লাগবে। সে হিসেবে এই সিরিজ তো বটেই, তিনি ঠিক কবে মাঠে ফিরতে পারবেন তার নিশ্চয়তাও পাওয়া যায়নি।