বিশ্বকাপের ব্যর্থতা ভুলতে নিউজিল্যান্ডকে হারাতে চায় বাংলাদেশ
ভারত বিশ্বকাপে ব্যাটে-বলে মোটা দাগে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। নয় ম্যাচের সাতটিতে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে সাকিব আল হাসানের দলকে। বিশ্বকাপ শেষ হওয়ার ক’দিন বাদেই নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। কিউইদের হারিয়ে বিশ্বকাপের ব্যর্থতা ভুলতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।
উপমহাদেশের কন্ডিশনে খেলা হওয়ায় বাংলাদেশকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। ক্রিকেটার, বোর্ড কর্তারাও সমর্থকদের স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন। গেল কয়েক বছরে বাংলাদেশের ওয়ানডে পারফরম্যান্স স্বপ্ন দেখতে খানিকটা বাধ্যও করেছে। তবে স্বপ্নের সঙ্গে মিল পাওয়া যায়নি বাস্তবতার।
পুরো বিশ্বকাপে ব্যাটে-বলে ব্যর্থ বাংলাদেশের ক্রিকেটাররা। নয় ম্যাচ খেলা বাংলাদেশের জয় কেবল আফগানিস্তান ও শ্রীলংকার সাথে। পয়েন্ট টেবিলের সাতে থেকে দেশা ফেরা ক্রিকেটারদের মাঠে নামতে হচ্ছে ২৮ নভেম্বর, নিউজিল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ কতটা ভালো দল কিউইদের সেটা দেখানোর প্রত্যয় ব্যক্ত করেছেন নুরুল হাসান সোহান।
.png)
সিলেটে যাওয়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সোহান বলেন, ‘বিশ্বকাপে আমাদের একটা খারাপ সময় গেছে। আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এবং বড় সুযোগ দল হিসেবে সেখান থেকে বেরিয়ে আসার। আমরা কতটা ভালো সেটাও দেখানোর সুযোগ। আমার কাছে মনে হয় যে ভালো সিরিজ হবে।’
বাংলাদেশের হয়ে সবশেষ ২০২২ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন সোহান। এরপর সুযোগ মেলেনি আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। তবে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের টেস্ট দলে ফিরেছেন তিনি। লিটন দাস না থাকায় উইকেটকিপার হিসেবে স্কোয়াডে ডাকা হয়েছে সোহানকে।