শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তায় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। যেখানে সেলেসাওদের ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা। ম্যাচটিতে হ্যাটট্রিকের স্বাদ পেয়েছে আলবিসেলেস্তে অধিনায়ক ক্লাদিও এচেভেরি।
ম্যাচটিতে বল দখলের পাশাপাশি শট নেয়াতেও এগিয়ে ছিল আর্জেন্টিনা। ১৮টি শট নিয়েছে তারা, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, ব্রাজিল ১৪ শট নিয়ে পাঁচটি রাখতে পারে। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি সেলেসাওরা।
.png)
ম্যাচের শুরু থেকেই পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই। কিছুক্ষণ পরপর কাউন্টার অ্যাটাকে গিয়েও হতাশ হতে হয়েছে দুই দলকেই।
সুপার ক্লাসিকোতে ম্যাচটিতে আর্জেন্টিনা প্রথম গোলের দেখা পায় ২৮তম মিনিটে। আলবিসেলেস্তে অধিনায়ক ক্লাদিও এচেভেরির দুর্দান্ত গোলে এগিয়ে যায় তারা। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আকাশি-সাদা বাহিনী।
বিরতিতে ফিরে আরো অপ্রতিরোধ্য হয়ে ওঠে আর্জেন্টিনা। ম্যাচের ৫৮তম মিনিটে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আলবিসেলেস্তে অধিনায়ক ক্লাদিও। এরপর ব্রাজিলের ডি বক্সে টানা কয়েকবার আক্রমণ চালায় তারা। তারই ধারাবাহিকতায় ৭১তম মিনিটে হ্যাটট্রিকের স্বাদ পান ‘নতুন মেসি’ খ্যাত ক্লাদিও এচেভেরি।
এদিন কয়েকবার সুযোগ তৈরী করেও ব্যর্থ হয়েছে ব্রাজিল। ম্যাচের শেষ পর্যন্ত ৩-০ গোলে পিছিয়ে থেকে হারের তেতো স্বাদ পেয়েছে নেইমার-ভিনিদের উত্তরসূরীরা। অন্যদিকে ব্রাজিলকে কাঁদিয়ে আসরের সেমিফাইনালে পৌঁছাল জুনিয়র আলবিসেলেস্তেরা।
ম্যাচটিতে জয়ের পর আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো আরমান্দো ম্যারাডোনার ছবিসহ ব্যানার নিয়ে উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টাইন যুবারা। এ সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন আলবিসেলেস্তে সমর্থকরা।
আগামী ২৮ নভেম্বর ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে জার্মানি ও আর্জেন্টিনা।