সিরিজ নিশ্চিতের ম্যাচে রান পাহাড়ে ভারত
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ জেতায় আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে ভারতের। অন্যদিকে সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই অজিদের সামনে। এমন ম্যাচে প্রথমে ব্যাটিং করে ঋতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছে ভারত।
আজ (মঙ্গলবার) গুয়াহাটিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে ভারত। যেখানে ৫৭ বলে অপরাজিত ১২৩ রান করেন গায়কোয়াড়। অজিদের হয়ে একটি করে উইকেট পেয়েছেন বেহরেনডর্ফ, হার্ডি ও রিচার্ডসন।
আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। ৬ রান করে সাজঘরে ফেরেন যশস্বী জসওয়াল। তিনে নেমে পুরোপুরি ব্যর্থ ঈশান কিষাণ। এই উইকেটকিপার ব্যাটার ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। প্রথম ২৪ রান তুলতেই ২ উইকেট হারায় ভারত।
.png)
সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে সেখান থেকে দলকে টেনে তোলেন গায়কোয়াড়। ভারত অধিনায়ক ২৯ বলে ৩৯ রান করে সাজঘরে ফিরলেও আরেক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন গায়কোয়াড়। এই ওপেনার ৫২ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন।
শেষ পর্যন্ত গায়কোয়াড় অপরাজিত ছিলেন ১২৩ রান করে। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তিলক ভার্মা। এই তরুণ ব্যাটার ২৪ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন।