ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দুই ক্রিকেটারকে ফোন করে যে জবাব পেলেন হাফিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১২, ২৯ নভেম্বর ২০২৩
দুই ক্রিকেটারকে ফোন করে যে জবাব পেলেন হাফিজ
মোহাম্মদ হাফিজ

সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর ব্যাপক রদবদল এসেছে পাকিস্তান ক্রিকেটে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ হাফিজ, যিনি অস্ট্রেলিয়া সফরে দলের প্রধান কোচের দায়িত্বও সামলাবেন।

পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিমকে ফোন করেছেন। ২০২০ সালেই পাকিস্তানের ক্রিকেটকে বিদায় জানান প্রতিভাবান মোহাম্মদ আমির। পাক এই পেসারকে দলে ফেরানোর চেষ্টার অংশ হিসেবে ফোন দেন হাফিজ।

সেখানে আমিরকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে একটা শর্ত দেন তিনি। হাফিজ জানান, অবসর ভেঙে ঘরোয়া ক্রিকেটে ফিরতে হবে আমিরকে এবং সেখানে ভালো করলেই জাতীয় দলে খেলার সুযোগ মিলবে এই পেসারের।

Advertisement

এ প্রসঙ্গে হাফিজ বলেন, ‘আমি নিজে আমিরকে ফোন করেছি। তাকে বলেছি অবসর ভেঙে ঘরোয়া ক্রিকেট খেলতে। যদি আমির ভালো পারফর্ম করে তাহলে পাকিস্তান দলে সুযোগ পাবে। আমির আমাকে বলেছে, বিষয়টি নিয়ে সে আর ভাবছে না, ওর জীবনের গুরুত্ব পরিবর্তন হয়ে গেছে যেটাকে আমাদের সম্মান করতে হবে।’

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য ইমাদকেও ফোন করে হাফিজ। পাকিস্তান ক্রিকেট দলের নতুন পরিচালক এই প্রসঙ্গে বলেন, ‘ইমাদ ওয়াসিমকে ফোন করেছি। আমার পাকিস্তান দলের পরিকল্পনায় ও আছে। ফোন করে আমি জানতে চেয়েছি পাকিস্তানের হয়ে খেলার জন্য ইমাদ প্রস্তুত কি না। ইমাদ বলেছিল, ভেবে আমাকে জানাবে। এর দুই দিন পরই ইমাদ অবসরের ঘোষণা দিয়ে দেয়।’

উল্লেখ্য, আমির এবং ইমাদ উভয়ই বিপিএলের একাধিক আসরে অংশ নিয়েছে। ইমাদ ওয়াসিম সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে, আমির বিপিএল খেলেছেন সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্সের জার্সিতে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!