ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নিষেধাজ্ঞা কাটিয়ে ১৭ বছর পর ক্রিকেটে ফিরছেন তিনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৬, ১০ ডিসেম্বর ২০২৩
নিষেধাজ্ঞা কাটিয়ে ১৭ বছর পর ক্রিকেটে ফিরছেন তিনি
লু ভিনসেন্ট

শেষবার খেলেছিলেন ২০০৭ সালে। দীর্ঘ ১৭ বছর পর আবার ক্রিকেটে ফিরতে চলেছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার লু ভিনসেন্ট। আগামী বছর ঘরোয়া ক্রিকেট খেলবেন তিনি।

ম্যাচ গড়াপেটায় দোষী প্রমাণিত হওয়ায় আজীবন নির্বাসনের সাজা পেয়েছিলেন ভিনসেন্ট। সেই সাজা মাফ করে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তার ফলেই আবার ক্রিকেটে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটি জানিয়েছে, নিজে ম্যাচ গড়াপেটায় দোষী প্রমাণিত হওয়ার পর এই ক’বছরে তরুণ ক্রিকেটারদের গড়াপেটা নিয়ে সতর্ক করেছেন ভিনসেন্ট। ক্রিকেটের উপকার করেছেন তিনি। তাই তার নির্বাসনের সাজা মাফ করা হয়েছে।

Advertisement

ভিনসেন্টের বিরুদ্ধে ২০০৭ সালে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল। তারপর থেকে ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। তদন্ত চলছিল। ২০১৪ সালে আজীবন নির্বাসনের সাজা দেওয়া হয়েছিল তাকে।

নির্বাসিত হওয়ার পরে পেশা বদল করেছিলেন ভিনসেন্ট। রাজমিস্ত্রির কাজ শুরু করেছিলেন তিনি। তবে নির্বাসন উঠে যাওয়ার পরে আবার ক্রিকেটে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন।

৪৫ বছরের ভিনসেন্ট বলেন, ‘ক্রিকেট খেলা তো দূর, দেখতে যাওয়ারও অনুমতি ছিল না। আমার নিজের দোষেই শাস্তি পেতে হয়েছে। সারা জীবন তার আফসোস থাকবে। তবে আমি যে আরও একটা সুযোগ পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ।’

ভিনসেন্ট আশা করছেন, সামনের বছর ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে কোনো দল তাকে নেবে। কয়েকটি দলের সঙ্গে কথাবার্তাও শুরু করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!