ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিরাট দুঃসংবাদ দিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১৯, ২০ ডিসেম্বর ২০২৩
বিরাট দুঃসংবাদ দিলেন নেইমার
নেইমার জুনিয়র

চেষ্টা করে যাচ্ছিলেন অনেকদিন ধরেই। তবে শেষ পর্যন্ত আর পারলেন না। আর তাই কোপা আমেরিকার মাস কয়েক আগেই দুঃসংবাদটা জানিয়ে দিলেন নেইমার জুনিয়র। লাতিন আমেরিকার সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতায় খেলতে পারবেন না তিনি।

দিন দুয়েক আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে নেইমার জানান, মাঠে ফিরতে কতখানি সংগ্রাম করতে হচ্ছে তাকে। তারভিডিওর ক্যাপশনে লেখা কথায় অনেকেই আবার আশ্বস্তও হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কোপা আমেরিকা মিসই করতে চলেছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।

সেই কথা এখন আর উড়ো খবর না। বরং ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক লাসমার নিজেই এই খবর জানিয়েছেন। নেইমারের পুনর্বাসন প্রসঙ্গে ব্রাজিলের চিকিৎসক জানালেন, ‘পুরো সুস্থ হতে সময় পাওয়া যাবে না। খুবই কাছাকাছি সময় হয়ে এসেছে (কোপা আমেরিকা)।’

Advertisement

ফলে বছরের শেষে এসে বিরাট এক দুঃসংবাদই পেলেন ব্রাজিল সমর্থকরা। উল্লেখ্য, ২০২৪ সালের জুন-জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার ৪৮তম আসর। সে সময় পুনর্বাসন প্রক্রিয়ার একেবারেই শেষদিকে থাকবেন নেইমার। তবে সেটা মাঠে ফেরার জন্য উপযুক্ত না।

নেইমার কবে মাঠে ফিরবেন সেই আভাসও দিয়ে রেখেছেন এই চিকিৎসক, ‘পুনর্বাসন প্রক্রিয়ায় কোনো ধাপ বাদ দেওয়ার অর্থ হয় না। আমাদের লক্ষ্য, সে ২০২৪ সালের ইউরোপিয়ান মৌসুম শুরুর আগে মাঠে ফেরার জন্য প্রস্তুত হবে। যেটা আগস্ট মাসে পড়ছে।’

ক্যারিয়ারের বড় একটা সময় ইনজুরিতে কাটানোর কারণে ব্রাজিলের হয়ে অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট মিস করেছেন নেইমার। ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ এবং ২০১৬ সালে রিও অলিম্পিকে স্বর্ণপদক এখন পর্যন্ত তার বড় প্রাপ্তি।

২০১৯ সালে ব্রাজিল কোপা আমেরিকার শিরোপা জিতলেও ইনজুরির কারণে সেই স্কোয়াডে ছিলেন না নেইমার। 

এর আগে নিজের ফেসবুক একাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন ব্রাজিলের এই পোস্টারবয়। সেই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘কষ্ট ছাড়া আরোগ্য হয় না, পড়ে না গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যে বীরত্ব নেই। আর কষ্ট ছাড়া জয় আসে না। আমি লড়াই চালিয়ে যাচ্ছি।’ 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!