কিছুদিন আগে ছাঁটাই হওয়া ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি রদ্রিগেজ সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ব্রাজিলের নতুন কোচ হবেন আনচেলত্তি। জুনে রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষেই তিনি সেলেসাও শিবিরে যোগ দেবেন।
আনচেলত্তির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে নিশ্চিত করে রিয়াল। আগের চুক্তিতে লস ব্লাঙ্কোসদের সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত মেয়াদ ছিল। সেটি আরো ২ বছর বাড়িয়ে নিয়েছে দুই পক্ষ। ফলে ২০২৬ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন এ ইতালিয়ান কোচ।
.png)
মঙ্গলবার (২ জানুয়ারি) মাদ্রিদ বস ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি নিয়ে কথা বলেছেন। একই সঙ্গে ব্রাজিলের কোচ ইস্যুতেও প্রথমবারের মতো কথা বলেন তিনি। কার্লো বলেন, ‘রিয়াল মাদ্রিদই আমার ক্যারিয়ারের শেষ ঠিকানা। আমি কোচিং ছেড়ে দিলেও এখানেই থাকতে পারতাম।’
২০২৬ সালে প্রস্তাব পেলে ব্রাজিলের কোচ হবেন কী না এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, ‘ব্রাজিলের কোচ হওয়াটা দারুণ ব্যাপার। কিন্তু আমি জানি না তারা আমাকে ২০২৬ সালে চাইবে কী না। আমি নিশ্চিত নই যে তারা আমার সিদ্ধান্তে খুশি কি না।’
তিনি আরো বলেন, ‘রিয়াল মাদ্রিদও জানে যে আমার সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতির কথা হয়েছিল। ব্রাজিলের কোচ হিসেবে আমাকে পেতে আগ্রহ প্রকাশ করায় আমি তাকে ধন্যবাদ জানাই।’