ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চলতি মাসেই মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০৬, ১০ জানুয়ারি ২০২৪
চলতি মাসেই মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল
ফাইল ছবি

নতুন বছর শুরু হয়েছে ১০ দিন হলো। শীতকালীন দলবদলে উত্তাপ ছড়ানো কোনো খবর নেই। আবার ক্লাব ফুটবলেও কিছুটা ভাটা পড়েছে। এএফসি কিংবা আফ্রিকান কাপ অব নেশন্স শুরু হবে শিগগিরই। তবে তার আগে ফুটবল ভক্তদের আনন্দের উপলক্ষ হয়ে এসেছে ব্রাজিল এবং আর্জেন্টিনার সূচি। 

আসন্ন ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের জন্য কনমেবল অঞ্চলের বাছাইপর্বে এই দুই দেশ মাঠে নামবে। জানুয়ারি মাস থেকেই শুরু হচ্ছে বাছাইপর্ব। কনমেবলের ১০ দেশ দুই গ্রুপে ভাগ হয়ে মাঠে নামবে। সেখান থেকে সেরা দুই দল যাবে প্যারিসে। 

বাছাইপর্বে গ্রুপ-এ তে ব্রাজিলের প্রতিপক্ষ ভেনিজুয়েলা, কলম্বিয়া, বলিভিয়া এবং ইকুয়েডর। অন্যদিকে গ্রুপ-বি তে আর্জেন্টিনাকে খেলতে হবে উরুগুয়ে, চিলি, প্যারাগুয়ে এবং পেরুর বিপক্ষে।

Advertisement

বাছাইপর্বে আর্জেন্টিনার প্রথম ম্যাচ আগামী ২১ তারিখ, প্যারাগুয়ের বিপক্ষে। ২৪ জানুয়ারি তাদের প্রতিপক্ষ পেরু। দুই ম্যাচ পরে কিছুটা বিশ্রাম পাবে তারা। ৩০ তারিখ জুনিয়র আর্জেন্টাইনদের প্রতিপক্ষ চিলি। আর ২ ফেব্রুয়ারি শেষ ম্যাচে তারা উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে। 

ব্রাজিলকে অবশ্য কিছুটা কড়া সূচির মধ্য দিয়ে যেতে হবে। ২০১৬ অলিম্পিকে স্বর্ণপদক পাওয়া দলটি প্রথম ম্যাচ খেলবে ২৩ তারিখ। তাদের প্রতিপক্ষ বলিভিয়া। ২৬ তারিখ সেলেসাওদের প্রতিপক্ষ কলম্বিয়া। জানুয়ারির ২৯ তারিখ ইকুয়েডর ও শেষ ম্যাচে স্বাগতিক ভেনিজুয়েলার বিপক্ষে তাদের ম্যাচ হবে ১ ফেব্রুয়ারি। 

অলিম্পিক এবং অলিম্পিক বাছাইয়ের এই প্রতিযোগিতায় খেলবে তাদের যুবদল। অনূর্ধ্ব-২৩ দল নিয়ে মাঠে নামতে হবে তাদের। তবে, মূল জাতীয় দল থেকে তিনজন খেলোয়াড়কেও দলে নেওয়ার সুযোগ থাকছে।

কোয়ালিফাই শেষে এই সুযোগই নিতে আগ্রহী আর্জেন্টিনার যুবদলের কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো। তার প্রত্যাশা আর্জেন্টিনা কোয়ালিফাই করলে অলিম্পিকে অংশ নেবেন আর্জেন্টাইন ফুটবলের দুই বড় নাম লিওনেল মেসি এবং অ্যাঞ্জেল ডি মারিয়া।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!