বিপিএলে টুর্নামেন্ট সেরাদের রাজা সাকিব
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। এখন পর্যন্ত অনুষ্ঠিত নয় আসরের মাঝে চারটিতেই টুর্নামেন্ট সেরার পুরস্কার নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান। বলা যায় বিপিএলে টুর্নামেন্ট সেরাদের রাজা এই অলরাউন্ডার।
বিপিএলের প্রথম আসরেই টুর্নামেন্ট সেরার পুরস্কার ওঠে সাকিবের হাতে। সেই আসরে দুর্দান্ত পারর্ফম করেছিলেন খুলনা রয়্যাল বেঙ্গলসের অধিনায়ক সাকিব। যদিও সেবার ফাইনালে খেলেনি তার দল। কিন্তু আসরজুড়ে ব্যাটে বলে জাদু দেখিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার পান এই অলরাউন্ডার।
সেবার ১০ ম্যাচ খেলে ব্যাট হাতে ২৮০ রান করার পাশাপাশি বল হাতে ১৫ উইকেট শিকার করেন সাকিব। এতে টুর্নামেন্ট সেরার পুরস্কার হিসেবে গাড়ি উপহার পান তিনি।
.png)
প্রথম আসরে চ্যাম্পিয়ন হতে না পারলেও দ্বিতীয় আসরেই বিপিএলের শিরোপার স্বাদ পান সাকিব। এই আসরেও ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার যায় তার ঘরে। এবারও তিনি একটি গাড়ি উপহার পান। এ আসরে ৩২৯ রান ও ১৫ উইকেট শিকার করেন এ অলরাউন্ডার।
বিপিএলের ষষ্ঠ আসরে রানার্সআপ হয় ঢাকা ডাইনামাইটস। দল সেবার শিরোপা না জিতলেও তৃতীয়বারের মতো টুর্নামেন্ট সেরার পুরস্কার পান সাকিব আল হাসান। যদিও আগের দুইবারের মতো এবার আর গাড়ি নয়, টুর্নামেন্ট সেরার পুরস্কার হিসেবে একটি বাইক পেয়েছিলেন তিনি।
অবশ্য সেই আসরে মোটা অঙ্কের আর্থিক পুরস্কারও পেয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ২০১৮ সালের বিপিএলে সাকিব ৩০১ রানের পাশাপাশি ২৩ উইকেট শিকার করে সেরাদের সেরা নির্বাচিত হন।
সাকিব সবশেষ প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন ২০২২ সালের বিপিএলে। সেবারও কুমিল্লার কাছে হেরে শিরোপা খোয়ায় তার দল। কিন্তু ব্যাটে বলে দুর্দান্ত পারর্ফম দেখানো সাকিব জিতে নেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। বিপিএলের অষ্টম আসরে ১১ ম্যাচে ২৮৪ রান করেন বরিশাল অধিনায়ক। এছাড়া শিকার করেন ১৬ উইকেট।
২০২২ আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার পথে টানা পাঁচবার ম্যাচসেরার পুরস্কার জিতে অনন্য রেকর্ডও গড়েন সাকিব। যদিও আসরটিতে কেবল ২০০০ ডলার পুরস্কার ওঠে সাকিবের হাতে। সে সময়কার হিসেবে প্রায় ২ লাখ টাকার মতো পেয়েছিলেন তিনি।
আবারও দরজায় কড়া নাড়ছে বিপিএল। এবার রংপুর রাইডার্সের হয়ে খেলতে দেখা যাবে সাকিবকে। সাকিব ভক্তরা নিশ্চয় চাইবেন ফের টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠুক তার হাতে। তিনি এমন কিছু পাবেন কি না, তা জানা যাবে মার্চের প্রথম দিনেই।