বিপিএলে খেলতে দেবেন না, তাই কোচের ওপর ক্ষিপ্ত পাক ক্রিকেটাররা
ভারত অনুষ্ঠিত সবশেষ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় পাকিস্তান। তখন থেকে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি তারা। বিশ্বকাপের পরই পাকিস্তান দলের কোচ, অধিনায়ক এবং নির্বাচক বদলে ফেলা হয়েছিল। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।
নতুন দায়িত্ব পাওয়া ডিরেক্টর এবং কোচের পদে থাকা মোহাম্মদ হাফিজকে নিয়ে খুশি নন ক্রিকেটাররা। এ অবস্থায় পাকিস্তান দলের মধ্যে অন্তর্কোন্দলের গুঞ্জন দিন দিন আরো জোরালো হচ্ছে।
ওয়ানডে বিশ্বকাপের পর পরই নেতৃত্ব ছেড়ে দেন বাবর আজম। তার জায়গায় টেস্ট দলের অধিনায়ক করা হয় শান মাসুদকে। টি-২০ দলের অধিনায়কত্ব দেওয়া হয় শাহিন আফ্রিদিকে। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান।
নিউজিল্যান্ডের বিপক্ষেও পাঁচ ম্যাচের প্রথম দুই টি-২০তে হেরে এরই মধ্যে সিরিজ হারতে বসেছে সফরকারীরা। এরই মাঝে নতুন জটিলতা। পাকিস্তানের গণমাধ্যমের খবর, হাফিজ ক্রিকেটারদের নিয়ে অনেকক্ষণ বৈঠক করেন। যা পছন্দ নয় আফ্রিদিদের।
একই সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাকিস্তানের ক্রিকেটারদের খেলতে দিতে রাজি নন হাফিজ। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড আবুধাবি টি-২০ লিগে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে। বিপিএলে সুযোগ পাওয়া ক্রিকেটাররা তাই কোচের ওপর আরো ক্ষিপ্ত।
বিশ্বকাপের পরই দলের ডিরেক্টর হিসাবে দায়িত্ব নেন হাফিজ। কোচ হিসেবেও তিনিই কাজ করছেন। কিন্তু তার প্রশিক্ষণে এখন পর্যন্ত কোনও ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-২০তে হেরে চাপে রয়েছেন আফ্রিদিরা।
আর একটি ম্যাচ হারলেই সিরিজ হারতে হবে। এমন অবস্থায় বুধবার (১৭ জানুয়ারি) ডানেডিনে খেলতে নামবে পাকিস্তান। পরের দু’টি ম্যাচ ক্রাইস্টচার্চে। সেই ম্যাচ দু’টি হবে ১৯ এবং ২১ জানুয়ারি।