ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দুর্নীতির দায়ে ক্রিকেট থেকে দুই বছর নিষিদ্ধ নাসির

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৮, ১৬ জানুয়ারি ২০২৪
দুর্নীতির দায়ে ক্রিকেট থেকে দুই বছর নিষিদ্ধ নাসির
নাসির হোসেন

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেনকে সবধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।

আবুধাবির টি-টেন লিগে খেলতে গিয়ে নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় এবার তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করল আইসিসি। তার বিরুদ্ধে ৩টি অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

২ বছরের মধ্যে ৬ মাসের জন্য এই অলরাউন্ডারকে স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আইসিসির সব শর্ত পূরণ করতে পারলে ২০২৫ সালের ৭ এপ্রিল থেকে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন নাসির।

Advertisement

২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে উপহার নিয়েছিলেন নাসির। ৭৫০ ডলারের বেশি অর্থমূল্যের সেই উপহার নেয়ার যৌক্তিক কারণ প্রদর্শন করতে পারেননি তিনি।

আইসিসির নীতিমালার ২.৪.৩, ২.৪.৪ এবং ২.৪.৬ ধারা ভঙ্গ করেছেন নাসির। এরপর মোট ৩টি ঘটনা নিয়ে তদন্ত শুরু করে আইসিসি। অপরাধ প্রমাণিত হওয়ায় এবার শাস্তির ঘোষণা দিয়েছে আইসিসি।

এক সময় বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন নাসির। ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের জার্সিতে ১১৫টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ২৬৯৫ রানের পাশাপাশি ৩৯টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!