ধাক্কা সামলাতে ‘বিদ্রোহী’ ক্রিকেটারকে দলে ডাকল ভারত
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট হেরেছে ভারত। সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য সোমবার ১৭ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছেন দেশটির নির্বাচকবৃন্দ।
লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাদেজার চোটের ধাক্কা সামলাতে দীর্ঘদিন জাতীয় দল থেকে দূরে থাকা এক ক্রিকেটারকে ডাকতে বাধ্য হলেন ভারতের নির্বাচকরা। পরিস্থিতি সামাল দিতে দলে ডাকা হয়েছে আরো দুই ক্রিকেটারকে।
অবশেষে ভারতের টেস্ট দলের দরজা খুলল সরফরাজ খানের সামনে। কঠিন পরিস্থিতিতে মুম্বাইয়ের ব্যাটারকে ডাকতে কার্যত বাধ্য হয়েছেন নির্বাচকরা। ঘরোয়া ক্রিকেটে একের পর এক বড় ইনিংস খেললেও এত দিন তাকে সুযোগ দেওয়া হয়নি।
সরফরাজকে দলে নেয়া হয়েছে রাহুলের পরিবর্তন হিসেবে। ঘরোয়া ক্রিকেটে টানা পারফর্ম করলেও ডাক না পাওয়ায় বোর্ডের বিরুদ্ধে কঠিন মন্তব্য করেছিলেন এ ব্যাটার। যে কারণে তাকে ‘বিদ্রোহী’ ক্রিকেটারও বলেন অনেকে।
তার সঙ্গেই দ্বিতীয় টেস্টের ভারতীয় দলে নেয়া হয়েছে অলরাউন্ডার সৌরভ কুমার এবং ওয়াশিংটন সুন্দরকে। উত্তরপ্রদেশের সৌরভকে নেয়া হয়েছে জাদেজার জায়গায়। সৌরভও বাঁ-হাতি অলরাউন্ডার।
সরফরাজের মতো সৌরভও প্রথমবার ভারত দলে ডাক পেয়েছেন। ওয়াশিংটন অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নন। অভিজ্ঞ চেতেশ্বর পুজারা এবং আজিঙ্কা রাহানের কথা বিবেচনা করা হয়নি বলে জানিয়েছে ভারতীয় বোর্ড।
দ্বিতীয় টেস্টের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জসওয়াল, শ্রেয়স আইয়ার, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, আক্সার প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, আভেশ খান, রজত পাতিদার, সরফরাজ খান, সৌরভ কুমার এবং ওয়াশিংটন সুন্দর।