বড় ছেলের কবরের মাটি শুকানোর আগেই ছোট ছেলেকেও হারালেন বাবা
সন্তানদের হাসি-খেলায় যে ঘর একসময় মুখর থাকত, সেই ঘরেই এখন নেমে এসেছে নিস্তব্ধতা। দুই ছেলের জন্য কত স্বপ্ন, কত পরিকল্পনা ছিল বাবা-মায়ের। কিন্তু মুহূর্তেই সবকিছু যেন তছনছ হয়ে গেল। বড় ছেলের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই ছোট ছেলেকেও হারালেন চট্টগ্রামের মোহাম্মদ কবির ও আমেনা বেগম দম্পতি। হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই দিনের ব্যবধানে মারা গেছে তাঁদের ১০ বছর বয়সী নূর মোহাম্মদ আরাফাত ও ১০ মাস বয়সী মোহাম্মদ আবু বক্কর।
৮ নভেম্বর, রোববার দিবাগত রাত ১টা ১০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোট ছেলে আবু বক্কর। এর আগে শুক্রবার সকালে একই হাসপাতালে মৃত্যু হয় বড় ভাই আরাফাতের। এক ছেলের দাফন শেষ করে আরেক ছেলেকে বাঁচানোর আশায় হাসপাতালে পড়ে ছিলেন বাবা। শেষ পর্যন্ত সেই আশাও নিভে গেল।
ছোট ছেলের মৃত্যুর পর আর নিজেকে সামলাতে পারছিলেন না কবির। কান্নাজড়িত কণ্ঠে তাঁর আকুতি, ‘পারলাম না আমার ছেলেটাকে বাঁচাতে। পারলাম না আমি। আমি শেষ হয়ে গেলাম, ভাই।’
এরপর আর কথা বলতে পারেননি তিনি। কান্নায় আটকে যাচ্ছিল কণ্ঠ। কিছুক্ষণ নীরব থেকে আবারও আহাজারি। যেন দুই সন্তানকে হারানোর যন্ত্রণা ভাষায় প্রকাশ করার শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন এই বাবা।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্রের (পিআইসিইউ) প্রধান অধ্যাপক দিদারুল আলম আবু বক্করের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।
বড় ভাই আরাফাতের মৃত্যুর পর ছোট ছেলে আবু বক্করই ছিল কবিরের শেষ ভরসা। শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রোববার চিকিৎসকেরা শিশুটির অবস্থা নিয়ে পরিবারকে উদ্বেগের কথা জানান। তবু শেষ মুহূর্ত পর্যন্ত ছেলেকে ফিরে পাওয়ার আশা ছাড়েননি বাবা। কিন্তু সেই অপেক্ষার শেষ হয় সন্তানের মৃত্যুসংবাদে।
এর আগে প্রায় ১৫ থেকে ২০ দিন ধরে অসুস্থ ছিল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আরাফাত। জ্বর, বমি ও কাশি নিয়ে প্রথমে সাউদার্ন হাসপাতালে, পরে ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। পরে স্থানান্তর করা হয় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে।
কবিরের ভাষ্য অনুযায়ী, হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত আরাফাতের ফুসফুস ও যকৃতে জটিলতা দেখা দিয়েছিল। বৃহস্পতিবার রাতে বাবার সঙ্গে শেষবার কথা হয় তার। পরদিন সকালে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা কবিরকে হাসপাতালে আসতে বলেন। তবে তিনি পৌঁছানোর আগেই মারা যায় আরাফাত। ওই দিন সন্ধ্যায় নগরের মোমেনবাগ এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়।
বড় ছেলের দাফন শেষে বাড়ি ফেরেননি কবির। হাসপাতালেই থেকে যান ছোট ছেলের পাশে। ভেবেছিলেন, অন্তত একজন সন্তানকে নিয়ে ঘরে ফিরতে পারবেন। কিন্তু সেই সৌভাগ্যও হলো না তাঁর।
নগরের হিলভিউ এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন কবির। ৩১ বছর বয়সী এই বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে মালামাল ওঠানো-নামানোর কাজ করেন। মাসে আয় প্রায় ২০ হাজার টাকা। এর মধ্যে ছয় হাজার টাকা বাসাভাড়া দিতে হয়। সীমিত আয়ের সংসারেও দুই সন্তানকে ঘিরে ছিল তাঁর অনেক স্বপ্ন।
সন্তানদের চিকিৎসা করাতে গিয়ে সঞ্চয়ের সবটুকু শেষ করেছেন। সহকর্মী, প্রতিবেশী ও আত্মীয়স্বজনের কাছ থেকে সহযোগিতা নিয়েছেন, এমনকি ঋণও করেছেন। তবু শেষ রক্ষা হয়নি।
কবিরের কাছে এখন সবচেয়ে কঠিন হয়ে উঠেছে নিজের ঘরে ফেরার কথা ভাবা। যে ঘরে ফিরলেই দুই ছেলে দৌড়ে এসে বুকে ঝাঁপিয়ে পড়ত, সেই ঘর এখন তাঁর কাছে স্মৃতির ভারে অসহনীয়।
কবির বলেন, ‘কাজ শেষে ঘরে ফিরলে দুই সন্তান আমার বুকে এসে পড়ত। কত স্বপ্ন ছিল, কত পরিকল্পনা ছিল। আমার ছোট ঘরের প্রতিটি কোনায় দুই সন্তানের স্মৃতি। আমি সে ঘরে ফিরব কী করে, থাকব কী করে।’
এদিকে বড় ছেলে আরাফাতের মৃত্যুর পর থেকেই শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন মা আমেনা বেগম। শোকে বারবার সংজ্ঞা হারাচ্ছিলেন তিনি। ঠিকমতো খাওয়াদাওয়াও করছিলেন না। এ কারণে ছোট ছেলের চিকিৎসার সময় তাঁকে বাসায় রাখতে হয়েছিল বলে জানান কবির।