ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০২, ৯ নভেম্বর ২০২৬
লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ শামসুল আলম (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের ডাকবাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল আলম চুনতি শাহ সাহেব গেট এলাকার মৃত আবদুল জলিলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাছের চারা কিনতে বাইসাইকেল নিয়ে স্থানীয় একটি নার্সারিতে যাচ্ছিলেন শামসুল আলম। পথে একই দিকে চলাচলকারী একটি চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি বাইসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে রেখে চালক পালিয়ে যান বলে জানা গেছে। স্থানীয়রা বাসটি আটক করেছেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/লোহাগাড়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!