‘কোহলি অধিনায়ক হলে হারত না ভারত’
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। যার প্রথম টেস্টেই হারের তেতো স্বাদ পেয়েছে স্বাগতিকরা। তবে হায়দরাবাদ টেস্টে বিরাট কোহলি অধিনায়ক থাকলে হারত না ভারত বলে মনে করেন ইংলিশদের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে প্রথমে ব্যাট করে ২৪৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ৪৩৬ রান করে ভারত। এতে প্রথম ইনিংস থেকে ১৯০ রানের বিশাল লিড পায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংস ভারতীয় বোলারদের বিপক্ষে ১৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে ইংল্যান্ডকে ৪২০ রানের সংগ্রহ এনে দেন ইংলিশদের সহ-অধিনায়ক ওলি পোপ। জয়ের জন্য ভারতকে ২৩১ রানের টার্গেট ছুঁড়ে দেয় ইংলিশরা।
অভিষেক টেস্ট খেলতে নামা বাঁহাতি স্পিনার টম হার্টলির ঘূর্ণিতে কুপোকাত হয়ে ২০২ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ৬২ রানে ৭ উইকেট নিয়ে ভারতকে একাই ধসিয়ে দেন হার্টলি। ওই টেস্টে কোহলি যদি ভারতের অধিনায়ক থাকতেন তাহলে ম্যাচটি টিম ইন্ডিয়া হারত না বলে মনে করেন ভন।
ভন বলেন, ‘টেস্ট ক্রিকেটে কোহলির অধিনায়কত্ব মিস করেছে ভারত। কোহলি অধিনায়ক থাকলে ম্যাচ হারত না ভারত। রোহিত কিংবদন্তি এবং দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু আমি মনে করি, সে পুরোপুরি ব্যর্থ ছিলো।’
আগামী ২ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারত।