সিরিজের প্রথম টি-২০তে দুই ইনিংসে রান উঠেছিল ৪১৫। প্রথমে ব্যাট করে ক্যারিবীয়দের ২১৪ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল অজিরা। জবাবে ঝোড়ো ব্যাটিং করে সফরকারীরা তুলতে পেরেছে ২০২ রান। পাওয়ালের দল হেরেছে ১১ রানে।
এবার দ্বিতীয় ম্যাচেও বয়ে গেলো রানের বন্যা। গ্লেন ম্যাক্সওয়লের বিধ্বংসী ব্যাটিংয়ে অ্যাডিলেডে এই ম্যাচে দুই ইনিংস মিলে উঠেছে ৪৪৮ রান। তবে এই ম্যাচেও হার ওয়েস্ট ইন্ডিজের। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
.png)
অ্যাডিলেডে টস হেরে ব্যাট করতে নেমে ম্যাক্সওয়েলের ৫৫ বলে ১২০ রানের অপরাজিত ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া করেছে ২৪১ রান। ঘরের মাঠে এটিই অজিদের সর্বোচ্চ রানের ইনিংস।
জবাবে ব্যাট করতে নামা ক্যারিবীয়দের ইনিংস থেমেছে ৯ উইকেট হারিয়ে ২০৭ রানে। ফলে ৩৪ রানের জয় পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ক্যারিবীয়দের হয়ে রান তুলেছেন জনসন চার্লস (২৪), রভম্যান পাওয়েল (৬৩), আন্দ্রে রাসেল (৩৭) ও জেসন হোল্ডার (২৮)।
এদিন চতুর্থ ও পঞ্চম উইকেটে দারুণ দুটি জুটি করেন ম্যাক্সওয়েল। মার্কাস স্টয়নিসের সঙ্গে ৪২ বলে ৮২ রানের ও টিম ডেভিডকে নিয়ে ৩৯ বলে ৯৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ডানহাতি তারকা ব্যাটার।
দুটি জুটিতেই প্রায় সব অবদান ম্যাক্সওয়েলের। স্টয়নিস করেছেন ১৫ বলে ১৬ রান। আর ডেভিড করেছেন ১৪ বলে ৩১ রান। এছাড়া ১৯ বলে ২২ করেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার আর অধিনায়ক মিচেল মার্শ খেলেছেন ১২ বলে ২৯ রানের ইনিংস।
ঝোড়ো ব্যাটিং করে আজ আরো একটি রেকর্ডও করেছেন ম্যাক্সওয়েল। টি-২০ ক্রিকেটের ইতিহাসে ৪ নম্বরে অথবা তার পরে ব্যাট করতে নামা কোনো ব্যাটার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড করেছেন তিনি।
এর আগে ২০২০ সালে বেলজিয়ামের ক্রিকেটার শাহেরিয়ার বাট চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। সে ম্যাচে ৬ নম্বরে ব্যাট করেছিলেন তিনি।