ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টাইগারদের কোচ হিসেবে নিজের বন্ধুকে চান হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৬, ১২ ফেব্রুয়ারি ২০২৪
টাইগারদের কোচ হিসেবে নিজের বন্ধুকে চান হাথুরুসিংহে
ছবি- সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা করার কথা ছিল। কিন্তু নানা কারণে সেটি সম্ভব হয়নি। অবশেষে সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির পরিচালকদের বহুল কাঙ্ক্ষিত বোর্ড মিটিং। 

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে দুপুর ২টা নাগাদ এই বোর্ড মিটিং শুরু হবে। সেই সভায় কেন্দ্রীয় চুক্তির অনুমোদন, কোচ নিয়োগ, অধিনায়ক ইস্যু, নির্বাচক প্যানেল ঢেলে সাজানোসহ অনেক বিষয় নিয়েই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আজকের বোর্ড সভায় গুরুত্বপূর্ণ বিষয় হলো একাধিক পদে কোচ, সাপোর্ট স্টাফ নিয়োগ। 

বিসিবির আজকের বোর্ড সভায় জাতীয় দলের কোচিং স্টাফ চূড়ান্ত করার ব্যাপারে নেয়া হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মতামত। লঙ্কান এই কোচের বন্ধু থিলান সামারাবিরাকে দেখা যেতে পারে সাকিব-মুশফিকদের ব্যাটিং কোচ হিসেবে।

Advertisement

বিসিবির একজন কর্মকর্তার সূত্র ধরে জানা যায়, টাইগারদের ব্যাটিং কোচ হিসেবে সামারাবিরাকে চান হাথুরুসিংহে। বন্ধুর কাছ থেকে সবুজ সংকেত পেয়েই দীর্ঘদিন পর ব্যাটিং কোচ হতে আগ্রহ দেখিয়েছেন সামারাবিরা। তবে প্রধান কোচের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে বাছাই কমিটির সুপারিশ। 

জাতীয় নির্বাচক প্যানেলও পুনর্গঠন করা হচ্ছে। যেখানে নেতৃত্বে থাকছেন হাবিবুল বাশার সুমন। তার সঙ্গে আরো থাকবেন আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার। আজকের সভায় কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের অনুমোদন দেওয়া হবে। ২২ জন ক্রিকেটার থাকছেন এবারের কেন্দ্রীয় চুক্তিতে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!