প্রেম করতে ডেটিং অ্যাপে ফুটবলার, চুক্তি বাতিল করলো ক্লাব
মাত্র ৭ বছর বয়সে তুর্কি ক্লাব বেসিকতাসে পাড়ি দিয়েছিলেন এমিরহান দেলিবাস। ২০১০ সালে ক্লাবটিতে যোগ দিয়ে ১৪ বছর কাটিয়েছেন তিনি। এর মধ্যে অনূর্ধ্ব-১৭, ১৮ ও ১৯ দল পার করে চলতি বছরের জানুয়ারিতে ক্লাবটির মূল দলে জায়গা পেয়েছেন এই ফুটবলার।
বেসিকতাসের মূল দলে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত দুই ম্যাচে মোটে ১৪ মিনিট খেলেছেন দেলিবাস। কিন্তু দীর্ঘ ১৪ বছরের সম্পর্ক মাঠে মাত্র ১৪ মিনিটেই থেমে যাচ্ছে ২১ বছর বয়সী এ রাইট উইঙ্গারের।
ক্লাবের সঙ্গে দেলিবাসের স্বপ্নভঙ্গের পেছনে ভূমিকা রেখেছে একটি ডেটিং অ্যাপের অ্যাকাউন্ট! সম্প্রতি ডেটিং অ্যাপ বাম্বেলে খোলা তার অ্যাকাউন্ট নজরে পড়ে নেটিজেনদের।
.png)
এরপর রীতিমতো ভাইরালে পরিণত হয় দেলিবাসের অ্যাকাউন্ট। এটি নজরে আসে ক্লাব বেসিকতাসেরও। এ নিয়ে হয়তো দুবার ভাবত না ক্লাবটি, হাজার হলেও এটি ব্যক্তিগত ব্যাপার। তবে গোলযোগ বাধায় সে প্রোফাইলে দেওয়া দেলিবাসের বয়স।
বাম্বেল অ্যাকাউন্টের প্রোফাইল দেখাচ্ছে, দেলিবাসের বয়স ২৪ বছর। অথচ ক্লাব জানে তার বয়স আরো তিন বছর কম। দেলিবাসের সঙ্গে চুক্তি বাতিল করার বিবৃতিতে অবশ্য কারণ উল্লেখ করেনি তুর্কি ক্লাবটি।
বেসিকতাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আমাদের দলের ফুটবলার এমিরহান দেলিবাসের চুক্তি বাতিল করেছি। আমরা তার ক্যারিয়ারে সফলতা কামনা করছি।’
এদিকে দেলিবাসের যে বাম্বেল অ্যাকাউন্ট নিয়ে এত হইচই, সেটিকে ভুয়া দাবি করে দেলিবাস লিখেছেন, ‘ভুয়া অ্যাকাউন্ট ঘিরে যে গুজব ছড়িয়েছে, এটা সত্যি নয়। আমি জানাতে চাই, দলের প্রতি আমার আনুগত্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। আমার কাছে বেসিকতাস অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।’