টেস্ট সিরিজ শুরু হতে এখনো দুই দিন বাকি। তবে আগেই দুঃসংবাদ পেয়েছে টাইগার শিবির। দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম আঙুলের ইনজুরিতে পড়েছেন। যে কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।
মঙ্গলবার (১৯ মার্চ) রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। মুশফিকের পরিবর্তে টেস্ট দলে কাকে নেয়া হবে সেটি এখনও জানায়নি সংস্থাটি। জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, আজ (২০ মার্চ) জানিয়ে দেয়া হবে মুশফিকের পরিবর্তে কে দলে সুযোগ পাবেন।
.png)
অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটারের পরিবর্তে দলে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে দুই ক্রিকেটার। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে ছিলেন নুরুল হাসান সোহান। তিনি এবার প্রথম টেস্টের দলে ছিলেন না। তার সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবার চমক হিসেবে মুশফিকের পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন তাওহীদ হৃদয়। টিম ম্যানেজমেন্ট রাজি থাকলে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিবেচনা করে টেস্ট দলে সুযোগ মিলতে পারে হৃদয়ের।
সাদা বলে ধারাবাহিকভাবে ভালো করলেও লাল বলে তরুণ এই ক্রিকেটারের প্রথম শ্রেণীর ক্যারিয়ার খুব বেশি সমৃদ্ধ নয়। মাত্র ১৪টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে হৃদয়ের, যেখানে ৪৮.০৫ গড়ে ৯১৩ রান করেছেন তিনি।
হৃদয় নাকি সোহান নাকি অন্য কেউ, মুশফিকের পরিবর্তে দলে কে সুযোগ পাবে সেটি জানা যাবে আজই।