ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কঠিন গ্রুপে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪০, ২১ মার্চ ২০২৪
কঠিন গ্রুপে আর্জেন্টিনা
ফাইল ছবি

ব্রাজিলকে হারিয়ে অলিম্পিকের ফুটবল ইভেন্টের মূল মঞ্চে জায়গা করে নিয়েছিল আর্জেন্টিনা। বাঁচা মরার সেই ম্যাচটিতে আলবিসেলেস্তেরা ১-০ গোলে জয় পেয়েছিল। এরপর থেকেই দলটির অলিম্পিক অংশগ্রহণ নিয়ে প্রতিনিয়ত নতুন মাত্রা যোগ হয়েছে।

শুরুতে মেসি-ডি মারিয়াকে স্কোয়াডে আনতে মুখিয়ে ছিলেন কোচ হ্যাভিয়ের মাশচেরানো। এছাড়া নিজ থেকে খেলার আগ্রহ দেখিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজের মতো তারকাও। তবে এসব জল্পনা-কল্পনা এখনও কাগজে কলমের হিসাব।

এরই মাঝে প্রকাশ করা হয়েছে অলিম্পিকের এবারের আসরের ফুটবল প্রতিযোগিতার গ্রুপ। প্যারিসের সেন্ট ডেনিসে হয়ে গেল অলিম্পিক ফুটবলের ড্র অনুষ্ঠান। যেখানে কিছুটা শক্ত গ্রুপেই পড়েছে আর্জেন্টিনা। ‘বি’ গ্রুপে মরক্কো এবং ইউক্রেনের সঙ্গে জায়গা পেয়েছে  থিয়াগো আলমাদা-ক্লদিও এচেভেরিরা।

Advertisement

চার দলের গ্রুপে আরেকটি দল আসবে এএফসি অঞ্চল থেকে, কোয়ালিফায়ার-৩ খেলে। সবশেষ ফিফা র‍্যাংকিং অনুযায়ী আর্জেন্টিনা আছে সবার ওপরে। মরক্কো আছে তালিকার ১২ নম্বরে,  ইউক্রেনের স্থান ২৪-এ। তাই গ্রুপ পর্বেই আর্জেন্টিনাকে কিছুটা পরীক্ষা দিতেই হচ্ছে। 

গ্রুপ ‘এ’তে আছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড। প্যারিস এবারের অলিম্পিকের আয়োজক। ঘরের মাঠে তাই বাড়তি সমর্থন নিয়ে খেলবে লেস ব্লুজ। তাদের সঙ্গী হবে আরো একটি দল। এশিয়া এবং আফ্রিকা অঞ্চলের আন্তঃমহাদেশিয় বাছাইপর্ব শেষে নির্ধারিত হবে সেই দল।

গ্রুপ ‘সি’তে মিশর ও ডমিনিকান রিপাবলিকের সঙ্গী হচ্ছে স্পেন। ইউরোপিয়ান দলটি এই গ্রুপে পরিষ্কারভাবেই ফেবারিট। এএফসি কোয়ালিফায়ার-২ খেলে আসা দল পরবর্তীতে যুক্ত হবে এখানে। আর গ্রুপ ‘ডি’তে আছে প্যারাগুয়ে, মালি ও ইসরাইল। আরেকটি দল আসবে এএফসি কোয়ালিফায়ার-১ খেলে।

প্যারিসে চলতি বছরের জুলাইয়ে বসছে গ্রীষ্মকালীন অলিম্পিক। ২৬ জুলাই উদ্বোধনী হলেও ২৪ মার্চ থেকে শুরু হবে ফুটবলের ইভেন্ট।  ১০ আগস্ট হবে ফাইনাল। এর একদিন পর পর্দা নামবে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!