ইয়ামালকে পেতে আকাশছোঁয়া প্রস্তাব পিএসজির, যা বলছে বার্সা
চেহারা থেকে কৈশোরের চাপ পুরোপুরি কেটে যায়নি। আগামী জুলাইতে পা দেবেন ১৭-তে। কিন্তু এই বয়সেই ফুটবল বিশ্বের নজর কেড়ে নিয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। জাতীয় দল ও বার্সার হয়ে এরই মধ্যে রেকর্ড সৃষ্টি করেছেন এই তরুণ তুর্কি।
১৬ বছর বয়সেই দলবদলের বাজারে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন ইয়ামাল। এরই মধ্যে বার্সেলোনা থেকে নাকি তাকে কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছে পিএসজি। জীবনের ১৭ বসন্ত না পেরোনোর আগেই তার বাজার মূল্য উঠেছে ২০০ মিলিয়ন ইউরো।
এমন তথ্য ফাঁস করেছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। তিনি বলেন, ২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে লামিনে ইয়ামালকে কিনতে চেয়েছে পিএসজি।
বার্সার অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো না। আর্থিক বিধি-নিষেধ রয়েছে তাদের ওপর। পিএসজি ভেবেছিলো, এই সুযোগে ইয়ামলকে বড় অংকের ট্রান্সফার ফি’র বিনিময়ের প্রস্তাব দিলে বার্সা হয়তো গ্রহণ করে নেবে। কিন্তু ‘সোনার ডিম পাড়া হাঁস’কে কেই বা ছাড়তে চায়। বার্সাও রাজি হলো না।
গত ৯ মার্চ ইয়ামলকে কেনার জন্য পিএসজির প্রস্তাব নিয়ে রিপোর্ট প্রকাশ করেছিলো মার্কা। পিএসজির হয়ে বার্সার কাছে এই প্রস্তাব পেশ করেছিলো খেলোয়াড় বেচা-কেনার সবচেয়ে বড় এজেন্ট হোর্হে মেন্ডেজ। বার্সা সভাপতির স্বীকারোক্তিতে সেটাই স্পষ্ট হয়ে গেলো।
হুয়ান লাপোর্তা বলেন, ‘আমরা ইয়ামালকে বিক্রি করার বিষয়ে একটি প্রস্তাব পেয়েছি। ২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে। আমরা না করে দিয়েছি। কারণ, আমরা এই ছেলেটির ওপর আস্থা রাখি। সে ভবিষ্যতে আমাদের তারকা ফুটবলার হবে।’