এবারের আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে চেন্নাইয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। শুরুর দিকে তার একাদশে জায়গা পাওয়া নিয়েই শঙ্কা ছিল। তবে শ্রীলংকার পেসার মাথিশা পাথিরানার চোটে কপাল খুলে কাটার মাষ্টারের। এই সুযোগে নিজের জাতও চিনিয়েছেন। ব্যাঙ্গালুরুর বিপক্ষে ২৯ রান খরচায় ৪ উইকেট নেন এ টাইগার পেসার।
প্রথম ম্যাচে চিপকে আলো ছড়িয়ে মঙ্গলবার গুজরাটের বিপক্ষেও শুরুর একাদশে থাকতে পারেন মুস্তাফিজ। দলটির বিদেশি কোটায় ড্যারিল মিচেল ও রাচিন রবীন্দ্রের জায়গা একপ্রকার নিশ্চিত। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ব্যাটিং স্তম্ভের বড় ভরসা তারা।
.png)
তবে বোলিং ইউনিট নিয়েই কিছুটা জটিলতায় ধোনির দল। দুই লঙ্কান পাথিরানা ও মহেশ থিকশানার পাশাপাশি বাংলাদেশি ফিজও তাদের স্কোয়াডে রয়েছে।
যদিও প্রথম ম্যাচের ফর্ম বিবেচনায় এই ম্যাচেও এগিয়ে থাকছেন দ্য ফিজ। অন্যদিকে স্পিন বিভাগের মূল কারিগর হিসেবে থিকশানার জায়গাও পাকাপোক্ত। তাই পাথিরানা সুযোগ নাও পেতে পারেন। আবার লঙ্কান বোর্ডেরও রাজি হওয়া না হওয়ার একটা ব্যাপার আছে।
এদিকে চেন্নাইয়ের দলে আজ খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। ওপেনিংয়ে রুতুরাজের সঙ্গে খেলবেন রাচিন রবীন্দ্র। এরপরই থাকছেন আজিঙ্কা রাহানে ও ড্যারিল মিচেল।
মিডল-অর্ডারে রবীন্দ্র জাদেজা ও সামির রিজভির জায়গাও নিশ্চিত। বোলারদের তালিকায় থাকছেন দীপক চাহার এবং তুষার দেশপান্ডে।
গুজরাটের বিপক্ষে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ:
রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সামির রিজভি, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, মাহিশ থিকশানা, তুষার দেশপান্ডে ও শিভাম দুবে/মুস্তাফিজুর রহমান (ইমপ্যাক্ট খেলোয়াড়)।