ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টেস্টে সাকিবের পারফরম্যান্স নিয়ে যা বললেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৯, ৩ এপ্রিল ২০২৪
টেস্টে সাকিবের পারফরম্যান্স নিয়ে যা বললেন শান্ত
সাকিব আল হাসান

সিলেটের পর চট্টগ্রাম টেস্টেও শ্রীলঙ্কার কাছে পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট দিয়ে লম্বা সময় পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। 

জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব এই টেস্টের আগে সবশেষ গত বছরের আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছেন। সেই টেস্টে অবশ্য সাকিবের নেতৃত্বেই খেলেছিল বাংলাদেশ দল। এবার চট্টগ্রাম টেস্ট দিয়ে নাজমুল হোসেনের অধিনায়কত্বে খেলার অভিজ্ঞতা হলো দেশ সেরা অলরাউন্ডারের।

প্রায় এক বছর পর টেস্ট দলে ফেরা সাকিবের পারফরম্যান্স কেমন ছিল? ম্যাচের প্রথম ইনিংসে ৩৭ ওভার বল করে ৩ উইকেট নেয়া সাকিবই ছিলেন দলের সেরা বোলার। প্রথম ইনিংসে ব্যাট হাতে অবশ্য বেশি কিছু করতে পারেননি। ২৩ বল খেলে ১৫ রান করেছেন তিনি।

Advertisement

দ্বিতীয় ইনিংসে ১০ ওভার হাত ঘুরিয়ে সাকিবের শিকার ১ উইকেট, ব্যাটিংয়ে ৫৩ বলে ৩৬ রানে থেমেছেন। দল হারলেও সাকিবের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট অধিনায়ক শান্ত। বুধবার (৩ এপ্রিল) চট্টগ্রাম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে কথা বলেন তিনি।

সেখানে শান্ত বলেন, ‘উনি অনেক দিন পর খেললেন, আমার মনে হয়নি ৩৭ বছর বয়সী একজন খেলছেন, প্রায় এক বছর পর টেস্ট খেলছেন। ৩৭ ওভার বল করেছে প্রথম ইনিংসে। ৩ উইকেটও নিলেন। মাঠে বিভিন্ন ধরনের ফিডব্যাকও দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘ব্যাটিংটা যেভাবে করেছেন দ্বিতীয় ইনিংসে, যতটুকু আশা করেছিলাম, তার থেকে বেশি পেয়েছি তার কাছ থেকে। সত্যি কথা হলো, টেস্ট ক্রিকেটে এমন অভিজ্ঞ খেলোয়াড় থাকলে অনেক সুবিধা হয়।’

চলতি বছর বাংলাদেশ দলের আরও আটটি টেস্ট ম্যাচ রয়েছে। আসন্ন ম্যাচগুলোতে কী সাকিবকে দেখা যাবে? সাকিবের টেস্ট ভবিষ্যৎ নিয়ে অবশ্য শান্তকে খুব একটা দুশ্চিন্তাগ্রস্ত মনে হলো না, ‘আমি অনেক আগে থেকেই জানতাম উনি দ্বিতীয় টেস্টটা খেলবেন।’

শান্ত যোগ করেন, ‘প্রস্তুতির দিক থেকে ঠিক ছিল। হ্যাঁ, আগে থেকে জানতে পারলে অবশ্যই ভালো। আমি আশা করব যে আগে থেকে জানতে পারব। কারণ, সব সময় ওনার পরিকল্পনাটা পরিষ্কারই থাকে। তিনি পরিকল্পনাটা আমাদের দিয়ে দেন।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!