ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতেই এবার দল বাড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০ দলের অংশগ্রহণে শুরু হওয়া টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৫৫টি। আসরের উদ্বোধনী ম্যাচ হবে ১ জুন। আর ২৯ জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে সীমিত ওভারের ক্রিকেট টুর্নামেন্টটির।
বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের পরিকল্পনা সাজাতে শুরু করেছে দলগুলো। এ তালিকায় পিছিয়ে নেই বাংলাদেশও। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভিসা কার্যক্রম সারতে মিরপুর থেকে টিম বাসে ক্রিকেটাররা যান আমেরিকান দূতাবাসে। সেখানেই ফিঙ্গার প্রিন্টের কাজ সম্পন্ন করা হবে। টি-২০ বিশ্বকাপের ভাবনায় যেসব ক্রিকেটাররা রয়েছেন তাদের বায়োমেট্রিক সম্পন্ন করে রাখছে বিসিবি।
.png)
যুক্তরাষ্ট্রের ভিসা সম্পন্ন করার জন্য এদিন দেখা গেছে, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাসকিন আহমেদ, আলিস আল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ ,তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, জাকির হাসান, জাকের আলী, হাসান মাহমুদ, তানজিদ তামিম, শরিফুল ইসলাম, তাওহীদ হদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, নাঈম শেখ, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনদের।
তবে আগে থেকেই আমেরিকার ভিসা থাকায় নতুন করে করতে হচ্ছে না সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয় ও সৌম্য সরকারদের।
আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে গ্রুপ ডি’তে। নেপাল, নেদারল্যান্ডসের পাশাপাশি টাইগারদের লড়তে হবে শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে।
আগামী ৮ জুন নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।