নরকিয়ার এক ওভারেই ৩২ রান নিলেন এই ক্যারিবীয়
আইপিএলের ১৭তম আসরের শুরুটা মোটেও ভালো হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। চলমান আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে তারা। এর মধ্যে একটিতেও জয়ের দেখা পায়নি দলটি। উল্টো হারের হ্যাটট্রিক করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
এবারের আসরে প্রথম জয়ের খোঁজে রোববার ঘরের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেমেছে মুম্বাই। যেখানে তাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। ম্যাচটিতে শেষের ঝড়ে দিল্লির সামনে রান পাহাড় দাঁড় করিয়েছে স্বাগতিকরা।
মুম্বাই ইনিংসের ১৯তম ওভার শেষে স্বাগতিকদের স্কোরকার্ডে ৫ উইকেটে জমা হয়েছিল ২০২ রান। শেষ ওভারে ঝোড়ো ব্যাটিংয়ে ৩২ রান তোলে মুম্বাই। এতে তাদের ইনিংস থেমেছে ২৩৪ রানে।
.png)
ম্যাচের ১৮তম ওভারে প্যাভিলিয়নের পথ ধরেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এরপর উইকেটে আসেন রোমারিও শেফার্ড। উইকেটে এসে শুরুতে দেখেশুনে খেলেন তিনি। আর ইনিংসের শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার বোলার আনরিখ নরকিয়ার ওপর রীতিমতো তাণ্ডব চালান এই ক্যারিবীয় ক্রিকেটার।
২০তম ওভারে বোলিংয়ে আসেন নরকিয়া। তার ওভারের প্রথম বলে বাউন্ডারি মারেন শেফার্ড। এর পরের তিন বল ছক্কা, পঞ্চম বলটি ৪ এবং শেষ বলে আরেকটি ছক্কা মারেন শেফার্ড। এ নিয়ে শেষ ৬ বলে রোমারিওর ব্যাট থেকে আসে ৩২ রান।
ওভারটি ছিল এমন, ৪,৬,৬,৬,৪ ও ৬। শেষ পর্যন্ত ১০ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন শেফার্ড।