ঈদের আনন্দঘন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমও। সেই সঙ্গে ভক্তদের জানিয়েছেন ঈদ শুভেচ্ছা।
পবিত্র উমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে উড়ে যান সাকিব আল হাসান। সেখানেই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন তিনি। পরিবারের সঙ্গে আনন্দঘন মুহূর্তের ছবি শেয়ার করে সাকিব লিখেছেন, ‘আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক! এই আনন্দের দিন আপনার জন্য শান্তি, সমৃদ্ধি এবং অফুরন্ত রহমত নিয়ে আসুক।’
.png)
ঢাকাতেই ঈদ করেছেন তামিম ইকবাল। পরিবারকে নিয়ে আনন্দময় সময় কাটছে তার। ফেসবুকে তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক! সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।’
জাতীয় দলের তিন সংস্করণের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঈদ করতে গেছেন নিজ শহর রাজশাহীতে। খেলা না থাকলে রাজশাহী ছাড়া অন্য কোথাও ঈদ করেন না তিনি। এবার পরিবার, বন্ধুজন নিয়ে ঈদ পালন করছেন টাইগার দলপতি। ফেসবুকে তিনি লিখেছেন, ‘ঈদ মুবারক’
বরাবরের মতো এবারো ঈদ পালন করতে বগুড়ায় গেছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ঈদের নামাজের ছবি দিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মুশি লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা।’
ঢাকার ছেলে তাসকিন আহমেদের ঈদ কাটছে রাজধানী শহরে। তিনি লিখেছেন, ‘এই শুভ দিনে, আল্লাহর রহমত আপনার পথকে আলোকিত করুক এবং আপনার প্রতিটি পদক্ষেপে সুখ বয়ে আনুক। ঈদ মোবারক!’
দেশে থাকলে মাহমুদউল্লাহ খুঁজে নেন নিজের আপন ঠিকানা ময়মনসিংহ। সেখানে পরিবারের সবার সঙ্গে ঈদ পালন করেন তিনি। ফেসবুকে রিয়াদ লিখেছেন, ‘ঈদ মোবারক। এই বিশেষ দিনটি ভালবাসা, আনন্দ এবং আশীর্বাদে ভরে উঠুক।’
মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘ঈদের এই শুভ দিনে আমার সকল শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকভাবে জানাই ঈদের শুভেচ্ছা। আসুন সকল ভেদাভেদ, হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসা ছড়িয়ে দেই সবার মাঝে, ঈদ মোবারক।’
মুমিনুল হক ঈদ উদযাপন করছেন কক্সবাজারে। সেখানে মায়ের সঙ্গে তার ঈদ করা চাই-ই চাই। ভক্তদের শুভেচ্ছা জানাতে মুমিনুল ভুলে যাননি। তিনি লিখেছেন, ‘ভালোবাসা আর হাসিতে ভরে উঠুক ঈদের আনন্দ।’
সৌম্য সরকার লিখেছেন, ‘ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। নতুন চাঁদ আমাদের মাঝে আবারো সবচেয়ে বড় আনন্দ উৎসবের দিন পবিত্র ঈদুল ফিতর নিয়ে হাজির হয়েছে। সবাইকে জানাই প্রাণঢালা ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।’
এছাড়া ঈদ পালন করতে নিজ নিজ জেলায় গেছেন ঈদ তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, নাহিদ রানাসহ বেশিরভাগ ক্রিকেটারই।