কোহলির রেকর্ড ভাঙলেন গিল, শাস্তি পেলেন স্যামসন
চলমান আইপিএলে টানা চার ম্যাচ জিতে রীতিমতো উড়ছিল রাজস্থান রয়্যালস। তাদের সেই জয়রথ থামিয়েছে গুজরাট টাইটান্স। বুধবার জয়পুরে রোমাঞ্চের লড়াইয়ে স্বাগতিকদের হারিয়েছে শুভমান গিলের দল।
এই জয়ে বিরাট কোহলির একটি রেকর্ড ভেঙেছেন গুজরাট অধিনায়ক শুভমান গিল। আর ম্যাচ হেরে বড় শাস্তিই পেয়েছে রাজস্থান দলপতি স্যামসন।
জয়পুরে রশিদ খানের ক্যামিও ইনিংসে রাজস্থানের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে গুজরাট। ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুভমান গিল ফিরলে হার চোখ রাঙাচ্ছিল তার দলকে। তবে সেটি হতে দেননি রশিদ। ১১ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলে ম্যাচ বের করে আনেন আফগান স্পিনার। ম্যাচ-সেরাও হয়েছেন তিনি।
.png)
এমন রোমাঞ্চকর জয়ের ম্যাচে কোহলির একটি রেকর্ড নিজের দখলে নিয়েছেন গিল। আইপিএলে সবচেয়ে কম বয়সী হিসেবে ৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন এই ওপেনার।
রাজস্থানের বিপক্ষে ৪৪ বলে ৭২ রানের ইনিংস খেলার পথে ৩ হাজার রানের মাইফলক ছুঁয়েছেন গিল। এদিন তার বয়স ছিল ২৪ বছর ২১৫ দিন। সবচেয়ে কম বয়সী হিসেবে আইপিএলে এর আগে ৩ হাজার রানের সংগ্রাহক হওয়ার সময় কোহলির বয়স ছিল ২৬ বছর ১৮৬ দিন।
এদিন গিলের কীর্তি গড়ার ম্যাচে হারের সঙ্গে শাস্তিও জুটেছে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনের। গুজরাটের বিপক্ষে স্লো-ওভার রেটের কারণে শাস্তি হিসেবে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে তাকে।