ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএল ছেড়ে অস্ট্রেলিয়া ফিরলেন মার্শ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৬, ১৪ এপ্রিল ২০২৪
আইপিএল ছেড়ে অস্ট্রেলিয়া ফিরলেন মার্শ
মিচেল মার্শ

চলমান আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সবশেষ দুই ম্যাচে একাদশে ছিলেন না মিচেল মার্শ। তবে সেসময় কোনো কারণ জানা যায়নি। এবার জানা গেল, হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন এই অজি অলরাউন্ডার।

দিল্লির সঙ্গে সমন্বয়ের পর মার্শকে দেশে ফিরিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অবশ্য আইপিএলে আবারো ফিরবেন কি না সেটা নিশ্চিত করেনি দুই পক্ষের কেউই।

শনিবার এমনটি নিশ্চিত করেছে ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। তারা জানিয়েছে, মার্শের ডান হ্যামস্ট্রিংয়ে আংশিক চিড় ধরা পড়েছে। চিকিৎসার জন্য দেশে ফিরে গেছেন এই অলরাউন্ডার। তবে তার চোট কতটা গুরুতর তা জানা যায়নি।

Advertisement

মার্শ দিল্লির হয়ে সবশেষ খেলেছিলেন গত ৩ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। সেই ম্যাচে ডাক মারেন তিনি। এছাড়া তিন ম্যাচেও তাকে স্বরূপে পায়নি দিল্লি। গত ৭ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের পরপরই দেশের পথে রওনা হন এই অলরাউন্ডার।

আসন্ন টি-২০ বিশ্বকাপে মার্শের কাঁধেই নেতৃত্বের ভার তুলে দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সবকিছু ঠিক থাকলে তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও উইন্ডিজ বিশ্বকাপে যাবে টিম অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটে এখন নিয়মিতই খেলে যাচ্ছেন মার্শ। দারুণ ছন্দেও আছেন তিনি। গত বছর জিতেছেন অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। সেই এক বছরে চোট এড়াতে তাকে নিয়ে বেশ সাবধানী থেকেছে বোর্ড।

ছয় ম্যাচে চার পয়েন্ট নিয়ে আইপিএলে টেবিলের নয়ে আছে দিল্লি। পরের ম্যাচে আগামী ১৭ এপ্রিল গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে পান্টের দল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!